প্রতিযোগিতামূলক বিতর্কের নানা দিক নিয়ে বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ গ্রন্থ আজকের বিতর্ক: প্রতিযোগিতামূলক বিতর্কের আদ্যোপান্ত। যে কোনো পর্যায়ে একজন বিতার্কিক হিসেবে নিজেকে গড়ে তুলতে প্রস্তুতি হিসেবে যা কিছু জানা প্রয়োজন, সে সব বিষয়ে সামগ্রিক একটি ধারণা দেয়া হয়েছে এই গ্রন্থটিতে। বিষয় নির্বাচন থেকে শুরু করে যুক্তি নির্মাণ, যুক্তি খন্ডন, উচ্চারণ ও বাচনভঙ্গির মানোনড়বয়ন সম্পর্কে পাঠক এখানে বিশদভাবে জানতে পারবেন। প্রতিযোগীকে বিতর্কের অনুশীলনে অভ্যস্ত করাবার জন্য ১৫টি প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে যুক্তি এখানে ভেঙে ভেঙে দেখানো হয়েছে। সেই সাথে রয়েছে বিতর্কের জন্য জরুরি ৫০টি ধারণা নিয়ে সারসংক্ষিপ্ত আলাপ এবং ১০১টি সমকালীন বিতর্কের বিষয়ের একটি সমৃদ্ধ তালিকা। এই বইতে প্রমবারের মতো বাংলা ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে ব্রিটিশ সংসদীয় রীতির বিতর্কের নিয়মকানুন। এছাড়া বিতর্কের বহুল প্রচলিত অন্য তিনটি ধারার নিয়মকানুনও বিস্তারিতভাবে রয়েছে। বিতর্ক সংগঠক ও আয়োজকরাও উপকৃত হবেন বিতর্ক প্রতিযোগিতা আয়োজন, বিতর্কের বিষয় নির্ধারণ সংক্রান্ত আলোচনা থেকে। বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে ওঠা ট্যাবুলেশন সফটওয়্যার সম্পর্কেও জানা যাবে এই বইয়ের মাধ্যমে। বিতর্কের কর্মশালা আয়োজন করার জন্যও এটাকে তাই ব্যবহার করা যাবে আকরগ্রন্থ হিসেবে। প্রতিযোগিতামূলক বিতর্কের বাইরেও যুক্তির চর্চার বিকাশে ও সহিষ্ণু পৃথিবী নির্মাণে আগ্রহী যে কেউ, চায়ের আড্ডা থেকে শুরু করে রাষ্ট্রীয় কিংবা বৈশ্বিক নীতি নির্ধারণী তর্ক বুঝতে ও অংশ নিতে উৎসুক সকলে এই গ্রন্থটি থেকে বিপুল খোরাক পাবেন।
বইটির শিরোনামের 'প্রতিযোগিতামূলক বিতর্কের আদ্যোপান্ত' লক্ষ করে দ্বিগুণ উৎসাহে বইতে হাত দেয়া; উদ্দেশ্য খুব সাধারণ- বর্তমান বিতর্কের বইগুলো থেকে হাল আমলের এই বইয়ে আলাদাটা কী আছে? প্রথম তিনটি অধ্যায়ের প্রায় শ পেইজে নতুনত্ব বলতে পাওয়া গেছে ট্যাব সফটওয়্যার।পরের দুটো অধ্যায়ে বিতর্কের বেশ কিছু প্রস্তাব, নমুনা ও ধারণা দিয়ে আলোচনা করা হয়েছে; এই ব্যাপারটা আমার জানামতে একটা আনকোরা নতুন কনসেপ্ট।
বইয়ের অধ্যায়গুলো যেমন ছিল- ১.বিতর্কের নিয়মকানুন ২.বিতর্ক প্রতিযোগিতা আয়োজন ও বিচারকার্যের খুঁটিনাটি ৩. বিতর্কের প্রস্তুতি ও যুক্তি তৈরি ৪.বিতর্কের প্রস্তাব ও নমুনা বিতর্ক ৫. বিতর্কের জন্য প্রয়োজনীয় ৫০টি ধারণা
এখন আসি মূল কথায়। প্রথমত, একজন নবীন বিতার্কিকের কথা বিবেচনা করে কন্টেন্টগুলো যথেষ্ট প্রশংসার দাবি রাখে।বিতর্ক সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয়াবলি নিয়ে ধারণা পেতে বইটি উপযোগী। তবে,উল্লেখ্য যে, পুরোদস্তুর জানাশোনার জন্য এই বইটাকেই মূল ধরে আগানো মোটেই সমর্থনযোগ্য নয়।এই আইডিয়া ও টার্মগুলো জেনে নিজের মত অন্য রিসোর্স থেকে পড়লে আশা করি ভেতরের গলদ এবং পদ্ম দুটোই দিবালোকের মত পরিষ্কার দেখা যাবে।আমি আর এ ব্যাপারে বিশদে যাবনা।
দ্বিতীয়ত, নমুনা বিতর্কের অংশটা অন্তর্ভূক্ত করার আইডিয়াটা চমৎকার ছিল।কিন্তু পড়তে গিয়ে হতাশাই বেশি এসেছে।এই অংশটা যথেষ্ট বিস্তারিত এবং পয়েণ্ট বাই পয়েন্ট হলে এই বইটা আপাতভাবে অসাধারণ ট্যাগ পেয়ে যেতে পারত।অবশ্য এই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই বলতে হয়- বিতর্কে আপনি যা যেভাবে বলছেন, হয়ত কাগজে কলমে উঠিয়ে আনা এতটা সহজ নয় বলে এমনটা হয়েছে; হতে পারে।
তৃতীয়ত, 'বিতর্ক শিল্প নয়,স্পোর্টস' - শুরুর শেষে এই আলোচনাটা উপভোগ্য ছিল।তাছাড়া, এর খানিক আগে, বিতর্ক নিয়ে পড়াশুনার বিভিন্ন রিসোর্স উল্লেখের ব্যাপারটা ভাল হয়েছে।
শেষ কথা, আশা করছি বইটি আপনাদের বিতর্ক জগতের হাতেখড়িতে সহায়তা করবে। শুভকামনা।
[ শেষ হয়েও হলো না শেষ: একজন ছাপোষা পাঠক কিংবা বিতার্কিকের অর্থনৈতিক সীমাবদ্ধতার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলছি- বইটির সাপেক্ষে তার অর্থমূল্য হাতের নাগালের বহু দূরে।প্রকাশনের সাথে খানিকটা যুক্ত থাকায় এই দামটা আরো ভাবিয়েছে।এর কোনো জবাব আছে কি?]