একই ছাদের নিচে একত্রে অনেক বছর বাস করেও কখনও সখনও সঙ্গের মানুষটিকে নতুন লাগে…. এই যে নতুন বিনি সুঁতোয় সম্পর্কের নতুন মেলবন্ধন, তা কি একশব্দে ব্যক্ত করা যায়? এমন কিছু চমকে ওঠা, থমকে দেয়া, আবিরমাখা, আবেশছোঁয়া আর ঘোরলাগানো গল্প নিয়ে মাকতাবাতুল আযহারের নতুন উপহার 'দুজন দুজনার'।
#book_review! বইয়ের নামের কারণেই আসলে বইটা কিনে ফেলা। প্রাক্টিসিং মুসলিম দম্পতির জীবনের রোমান্টিসিজম সম্পর্কে জানার আগ্রহ থেকেই পড়েও ফেললাম বইটা।
বই - দুজন দুজনার লেখক - মুহাম্মাদ আতীক উল্লাহ প্রকাশনী - মাকতাবাতুল আযহার পৃষ্ঠা সংখ্যা - ১১২ মুদ্রিত মূল্য - ১৮০৳ প্রাপ্তিস্থান - wafilife.com
লেখকের "জীবন জাগার গল্প" সিরিজের ৮ নাম্বার বই এটা, এই সিরিজের এর আগের বা পরের অন্য কোনো বই এখনো পড়া হয়নি আমার। এই বইতে লেখক তুলে ধরেছেন মোট ৩৯টি গল্প, যার সবই মূলত বাস্তব জীবন থেকে নেয়া; কিছু আছে নবীজী-সাহাবিদের জীবনের গল্প, আর বাকিগুলো লেখকের আশেপাশের পরিচিতজনের, যা ছদ্মনাম ব্যাবহার করে প্রকাশ করা হয়েছে।
প্রথমেই বলি, বইটির লেখনীর ধরনটা আমার খুব একটা পছন্দ হয়নি। আমাকে টেনেছে এর গল্পগুলো, কয়েকটা গল্প পড়ে আপনাআপনিই মনে হয়েছে -'আহা! আমার জীবনটা যদি এমন হতো!' আবার কিছু কিছু গল্পের নামকরণ খুব একটা পছন্দ হয়নি আমার, মনে হয়েছে 'এর চেয়ে আরও অনেক সুন্দর নাম হতে পারতো এই গল্পটার'।
স্বামী-স্ত্রীর ভালোবাসার অনিন্দ্য সুন্দর গল্প আছে, আছে গল্পে গল্পে উপদেশ, শাশুড়ীর প্রতি শ্রদ্ধা-ভালোবাসার গল্প, বিশ্বাস-অবিশ্বাস আর মান-অভিমানের গল্প। দাম্পত্য জীবনের কতটা ব্যক্তিগত-গোপনীয় আর কতটা প্রকাশ্য, আর অপ্রকাশ্য মানেই যে অসুখী নয় বরং তার চেয়ে অনেক গুণ বেশি সুখীও হতে পারে, - সেটা শেখার মত গল্পও আছে। ছোট ছোট অসংখ্য গল্পের মধ্যে শেষ গল্পটাই একটু বড়, সেটা পড়ে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, ঠেকেছে কিছুটা অবিশ্বাস্যও; আর তার চেয়ে বেশি মুগ্ধ করেছে ভালোবাসার শক্তি।♥
একে-অপরকে ভালোবাসতে জানতে হয় আসলে। ভালোবাসা দিতেও জানতে হয়, আর আদায় করতেও। আর জীবনভর ভালোবাসা ধরে রাখাও হয়ে যায় এভাবেই।