যুক্তি ও ওহির ব্যাপারে ইবন তাইমিয়া
আকল ও নাকল, যুক্তি ও ওহি, Reason and Revelation এর মধ্যে আপাত সংঘাত দেখা দিলে সেটা সমাধানের উপায় বিখ্যাত আশয়ারি ধর্মতাত্ত্বিক ফখরুদ্দিন রাযি (৫৪৩-৬০৬ হি.) তাঁর 'আসাস আত-তাকদিস' গ্রন্থে আলোচনা করেছেন। তাঁর মতে, আকল ও নকল বা ওহীর সংঘাত ঘটলে তার সমাধান চারভাবে হতে পারে:
১. আকল-ওহী দুটোই গ্রহণ করা
২. আকল-ওহী দুটোই বর্জন করা
৩. ওহী গ্রহণ করে আকলের দাবি বর্জন
৪. আকলের দাবি গ্রহণ করে ওহীর আপাত অর্থ বর্জন
রাযি প্রথম তিনটি উপায় প্রত্যাখ্যান করেন। প্রথমত, যেহেতু এক্ষেত্রে আকল-ওহী সাংঘর্ষিক, আকল-ওহী দুটোই একইসাথে গ্রহণ করা সম্ভব না। এতে law of non-contradiction লঙ্ঘিত হবে। দ্বিতীয়ত, দুটোকে একইসাথে বর্জন করাও অযৌক্তিক। এতে law of excluded-middle লঙ্ঘিত হবে। তৃতীয়ত, আকলের দাবি বর্জন করে ওহীর আপাত অর্থও গ্রহণ করা যায় না। এটা করলে আকল-নকল দুটোই অস্বীকার করা হয়। কারণ আকলের মাধ্যমেই আমরা ওহীর সত্যতা বুঝতে পারি। আকলকে অগ্রাহ্য করলে তাই ওহীতে বিশ্বাসের ভিত্তিও ধ্বসে পড়ে।
তাই বাকি থাকে শুধু একটা পথ: আকলের সিদ্ধান্ত গ্রহণ করা, আকলের সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক ওহীর আপাত অর্থকে বর্জন করা। এরপর ওহীকে রূপক অর্থে ব্যাখ্যা করা অথবা ওহীর আপাত অর্থ অস্বীকার করে প্রকৃত অর্থ আল্লাহর উপর ন্যস্ত করা। আকল-নাকলের সংঘাতে আকলকে প্রাধান্য দিতে হবে—এই নীতিকে বলা হয় 'কানুন কুল্লি' বা সার্বজনীন নীতি। রাযির পূর্ববর্তী আশয়ারি ধর্মতাত্ত্বিক জুয়াইনি, গাযালিও এই নীতির ব্যাপারে আলোচনা করেছেন। তারা এই নীতির প্রয়োগের মাধ্যমে আল্লাহর সিফাত বা গুণাবলির ব্যাপারে কিছু কুরআনের আয়াত-হাদিসের তাউইল বা রূপক ব্যাখ্যা প্রদান করেছেন অথবা তাফউইদ বা আপাত অর্থ অস্বীকার করেছেন এবং নির্দিষ্ট রূপক অর্থের ব্যাপারে সিদ্ধান্তহীন থেকেছেন। কারণ তাদের মতে এসব আয়াত-হাদিসের আপাত অর্থ গ্রহণ করলে স্রষ্টা আর সৃষ্টির মাঝে সাদৃশ্য স্থাপন (তাশবিহ) করা হয়।
প্রখ্যাত হানবালি ধর্মতাত্ত্বিক ইবন তাইমিয়া (৬৬১-৭২৮ হি.) রাযিসহ অন্যান্য মুতাকাল্লিমদের এই 'সার্বজনীন নীতি' খণ্ডনে ১০ খন্ডের বিশাল এক বই লিখেন। বইটির নাম 'দারউ তাআরুদ আল-আকল ওয়ান-নাকল' (আকল-নকলের সংঘাত নিরসন)। এতে ইবন তাইমিয়া কানুন কুল্লির পেছনে থাকা অনুমানসমূহের যুক্তিভিত্তিক খণ্ডন করেছেন। পাশাপাশি তিনি আকল-নকলের সংঘাতের সমস্যা নিয়ে নিজস্ব সমাধানও পেশ করেছেন।
ইবন তাইমিয়া মূলত রাযির 'কানুন কুল্লি'র পেছনে থাক তিনটি অনুমানকে নাকচ করেন:
১. আকল ও ওহীর মধ্যে আসলেই সংঘাত আছে,
২. এই কথিত সংঘাত সমাধানের উপায় কেবল এই চারটি,
৩. প্রথম তিনটি উপায় বাতিল, চার নম্বর উপায় গ্রহণ করতে হবে।
পুরো 'দার তাআরুদ' জুড়ে ইবন তাইমিয়া এই তিনটি দাবির সত্যতা প্রশ্নবিদ্ধ করেছেন। ইবন তাইমিয়ার দেখিয়েছেন, বিশুদ্ধ আকল ও বিশুদ্ধ নকলের মধ্যে কোনো সংঘাত নেই। সংঘাতটা আকল বনাম নকল (Reason vs Revelation)-এর নয়। বরং সংঘাতটা সুনিশ্চিত বনাম অসুনিশ্চিত জ্ঞানের (Conclusive vs Inconclusive)। আর অনিশ্চিতের উপর নিশ্চিত জ্ঞানকে প্রাধান্য দিতে হবে, তা আকল নকল যেখান থেকেই আসুক। তাই সবসময় আকল বা নকলকে প্রাধান্য দিতে হবে এই চিন্তা ভুল।
ইবন তাইমিয়ার মতে আকলকে শুধু একপ্রকারের এবং সুনিশ্চিত জ্ঞানের সমষ্টি মনে করাটা বড় ভুল। আকলের রায় কাতয়ি-সুনিশ্চিত হতে পারে, আবার যান্নি-অসুনিশ্চিত হতে পারে। আবার নকল বা ওহী থেকে প্রাপ্ত জ্ঞানও দুই প্রকার হতে পারে, সুনিশ্চিত ও অসুনিশ্চিত। কুরআনের শব্দ-আয়াতের অর্থ সুস্পষ্ট-অকাট্য হতে পারে, আবার একাধিক সম্ভাব্য অর্থও থাকতে পারে। বহুসংখ্যক বর্ণনাকারী বর্ণিত মুতাওয়াতির হাদিসের অর্থ সুস্পষ্ট-অকাট্য হতে পারে, আবার অস্পষ্ট, ব্যাখ্যাসাপেক্ষও হতে পারে। আর আহাদ হাদিস সাধারণত বর্ণনার দিক দিয়েও যান্নি-অনকাট্য।
এক্ষেত্রে বিশুদ্ধ আকল আর বিশুদ্ধ ওহীর নিশ্চিত জ্ঞানের মধ্যে বিরোধ হতে পারে সেটা ইবন তাইমিয়া স্বীকার করেন না। কারণ দুটোর উৎস একই। দুটো নিশ্চিত সত্যের মধ্যে কখনো বিরোধ হতে পারে না।
আকলের নিশ্চিত ও ওহীর নিশ্চিত জ্ঞান মিলিতভাবে যখন একটা বিষয়কে সত্যায়ন করে, তখন আমরা নিশ্চিতভাবে সেটাকে সত্য বলতে পারি। যখন আকল কোনোকিছুকে নিশ্চিত সত্য বলে, অন্যদিকে ওহীতে তার আপাত বিরোধী কিছু অনিশ্চিত অর্থে আছে, সেক্ষেত্রে আকলকেই প্রাধান্য দিতে হবে। আর যখন নিশ্চিত ওহীর সাথে অনিশ্চিত আকলি তথ্যের সংঘাত ঘটবে, তখন ওহীই প্রাধান্য পাবে। প্রাধান্য পাবে স্রেফ ওহী হওয়ার কারণে নয়, নিশ্চিত হওয়ার কারণে। যখন অনিশ্চিত আকলি জ্ঞানের সাথে অনিশ্চিত নকলি জ্ঞানের সংঘাত দেখা দিবে, তখন যেটার দালিলিক ভিত্তি অধিক শক্তিশালী সেটা প্রাধান্য হবে, সেটা আকলি হোক না হোক নকলি।
এভাবে ইবন তাইমিয়া আকল বনাম নকলের সংঘাত নিরসনে তার নিজস্ব সমাধান পেশ করেছেন। এটাকে অনেকে 'সংস্কারকৃত সার্বজনীন নীতি' নামেও অভিহিত করেছেন। এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে Carl Sharif el-Tobgui এর 'Ibn Taymiyya on Reason and Revelation: A Study of Dar' Ta'āruḍ Al-'aql Wa-l-naql' বইটি পড়া যেতে পারে।