'সুপ্রভাত আমেরিকা' মাহবুব তালুকদারের যুক্তরাষ্ট্র ভ্রমণের বর্ণময় বর্ণনায় সমৃদ্ধ কাহিনী। শুধু ভ্রমণকাহিনী বললে সম্ভবত এ গ্রন্থের পরিচিতি অসম্পূর্ণ থাকবে। আমেরিকার জনজীবন, সংস্কৃতি, সমাজসহ বিবিধ দিক বিচিত্র ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে উপস্থাপিত হয়েছে এ গ্রন্থে। জানা অজানা নানা তথ্যে ভরপুর গ্রন্থটি পাঠকের চোখের সামনে বিশ্বের ওপর প্রান্তের এই বহুবর্ণ দেশটির প্রতিকৃতি তুলে ধরেছে। আমেরিকা ভ্রমণকারী বা প্রবাসী পাঠকের কাছে বইটি স্মৃতির অনুসঙ্গ হতে পারে। যারা আমেরিকা ভ্রমণ করেননি, লেখকের রমনীয় অভিজ্ঞতার অংশীদার হয়ে তারাও ভ্রমণের আস্বাদন পাবেন., এরকম আশা করা অসঙ্গত নয়। কবি ও কথাশিল্পী মাহবুব তালুকদারের পারঙ্গম লেখচিত্রে আমেরিকার সজীব ও প্রানবন্ত পরিচিতি ফুটে উঠেছে। লেখকের কথায় সেদেশে প্রতিটি সূর্যোদয় বুঝি মানুষের জন্য শুভবার্তা বয়ে আনে। তাই এ 'সুপ্রভাত আমেরিকা'।
মাহবুব তালুকদার নেত্রকোনা জেলার (তৎকালীন মহকুমা) পূর্বধলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। কর্মজীবনের সূচনায় ষাটের দশকের প্রারম্ভে তিনি ছিলেন দৈনিক ইত্তেফাক-এর সাংবাদিক। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যুক্ত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে তিনি প্রবাসী মুজিবনগর সরকারের তথ্য বিভাগে যোগদান করেন। ১৯৭২ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত বঙ্গভবনের কার্যকালে তিনি চারজন রাষ্ট্রপতির অধীনে সরাসরি দায়িত্ব পালনের সুযোগ পান। তিনি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকারি প্রেস সচিব ছিলেন। এক সময়ে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পূর্বে তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় নিয়োজিত ছিলেন। ২০১৭ সালে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার পদে পাঁচ বছরের জন্য নিয়োগ লাভ করেন এবং দায়িত্ব পালন করেন।
মূলত সৃজনশীল লেখক মাহবুব তালুকদার বিগত ৬৫ বছর যাবৎ নিরলসভাবে সাহিত্যচর্চা করছেন। তাঁর সাহিত্যকর্মের মধ্যে আছে উপন্যাস, গল্পগ্রন্থ, কাব্যগ্রন্থ, শিশুসাহিত্য, ছড়ার বই ও ভ্রমণকাহিনি। তিনি ২০১২ সালের বাংলা একাডেমি পুরষ্কার লাভ করেন।