মানবজীবনে প্রেমের অনুভূতিটা অনেক সময়ই জন্ম নেয় এক ধরনের প্রয়োজন থেকে—জেনেটিক, দৈহিক, আত্মিক কিংবা মানসিক পূর্ণতার প্রয়োজন। কিন্তু সেই প্রয়োজনকে ঘিরে যে আকাঙ্ক্ষা তৈরি হয়, তার অনুভূতিটা ভীষণ অদ্ভুত। একদিকে নিঃসঙ্গতা আর এক ধরনের অকারণ বিষণ্নতা, অন্যদিকে অজানা কাউকে খুঁজে পাওয়ার বাসনা। খুব সূক্ষ্ম এই অনুভূতিটা মাঝেমধ্যে আশ্চর্যরকম মায়াময় ও সংবেদনশীল হয়ে ওঠে। মিষ্টি, আবার খানিকটা বিষাদমাখা। মানুষের এই অদ্ভুত আকাঙ্ক্ষা, একে অপরকে খুঁজে পাওয়ার সেই মায়াময় অনুভূতিটাকেই কেন্দ্র করে গড়ে উঠেছে 'ইয়োর নেম'–এর গল্প।
অ্যানিমে ডিরেক্টর মাকোতো শিনকাই–এর 'কিমি নো না ওয়া' বা 'ইয়োর নেম' জাপানিজ অ্যানিমেশন সিনেমার জগতে এক অনন্য সৃষ্টি। মুক্তির পর চলচ্চিত্রটি যেমন বিপুল ব্যবসায়িক সাফল্য পায়, তেমনি এর আবেগঘন গল্প, দৃষ্টিনন্দন অ্যানিমেশন এবং সময়-ভাগ্যকে ঘিরে নির্মিত কাব্যিক থিমের মাধ্যমে জয় করে নেয় সমালোচক ও অসংখ্য দর্শকের হৃদয়। পরবর্তীতে এই গল্পকে তিনি লাইট নভেল রূপেও প্রকাশ করেন। কাহিনির কেন্দ্রে রয়েছে জাপানের এক পাহাড়বেষ্টিত গ্রামীণ শহর ইতোমরিতে বসবাস করা হাইস্কুল পড়ুয়া মেয়ে মিৎসুহা এবং টোকিও শহরের ব্যস্ত জীবনে অভ্যস্ত ছেলে তাকি। একসময় অদ্ভুতভাবে স্বপ্নের মধ্যে তাদের জীবনে শুরু হয় এক রহস্যময় মেলবন্ধন, যেখানে তারা যেন একে অপরের জীবন অনুভব করতে শুরু করে। ভিন্ন পরিবেশ ও স্বভাবের এই দুই অপরিচিত মানুষের অপূর্ণতাগুলো ধীরে ধীরে পূরণ হতে থাকে সেই অদ্ভুত সংযোগের মধ্য দিয়ে। কিন্তু একে অপরকে সত্যিকার অর্থে চিনে নেওয়ার মুহূর্তেই শুরু হয় সময় আর ভাগ্যের এক অদ্ভুত খেলা—যার ভেতরে জড়িয়ে আছে প্রাকৃতিক বিপর্যয়, একে অপরকে খুঁজে পাওয়ার আকুলতা, আর দুই আত্মার গভীর এক সংযোগের গল্প।
'ইয়োর নেম' একটি অসাধারণ রোমান্টিক গল্প। মূল কাহিনি কিছুটা সাধারণ ইয়াং–অ্যাডাল্ট ঘরানার হলেও এর অনন্য উপস্থাপনা, গভীর থিম এবং ঘোর লাগানো আবেগের রোলারকোস্টার একে একটি অবিস্মরণী��় গল্পে পরিণত করেছে, যা পড়ার অভিজ্ঞতা সত্যিই হৃদয়স্পর্শী। লেখক অত্যন্ত সাবলীল ও মাধুর্যময় ভাষায় গল্পটি বর্ণনা করেছেন, ফলে পড়তে পড়তে পাঠক সহজেই চরিত্রগুলোর অনুভূতির সঙ্গে সংযুক্ত হয়ে পড়ে। আকারে খুব বড় না হলেও কাহিনির ছোট ছোট দৃশ্য ও মুহূর্তের মাধ্যমে গল্পটি একদম শুরু থেকেই আকর্ষণীয় হয়ে ওঠে। শুরু থেকেই কাহিনির ভেতরে ঢুকে পড়ার অনুভূতিটা এতটাই স্বাভাবিক যে মনে হয় যেন পাঠক নিজেরাই মিৎসুহা এবং তাকির জীবনের একটি অংশ হয়ে গিয়েছে। কাহিনির প্রথম অংশে তাদের দৈনন্দিন জীবন, ছোট ছোট রুটিন এবং আকস্মিক ঘটনাগুলোর মধ্য দিয়ে গড়ে ওঠা অদ্ভুত নাটকীয় সম্পর্কটি বেশ উপভোগ্যভাবে ফুটে উঠেছে। একই সঙ্গে এই অংশের মধ্য দিয়েই লেখক গল্পের পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সূক্ষ্ম বিল্ডআপ তৈরি করেছেন এবং পার্শ্বচরিত্রগুলোকেও গড়ে তুলেছেন সুন্দরভাবে। ফলে ঘটনাপ্রবাহ ধীরে ধীরে এগোতে থাকলে গল্পের সঙ্গে পাঠকের এক ধরনের যাদুকরী সংযোগ তৈরি হয়, আর অজান্তেই চরিত্রগুলোর সঙ্গে একাত্ম হয়ে যায়।
এরপর গল্পে আসে অনাকাঙ্ক্ষিত মোড়, কিছু সারপ্রাইজিং চমক। আর তারই সঙ্গে অদ্ভুত আবেগের দড়িতে পাঠক পুরোপুরি জড়িয়ে যায় কাহিনির সাথে। বিশেষ করে পড়ার সময় কল্পনা ও বাস্তবের মধ্যে থাকা আবেগের সূক্ষ্ম সীমারেখা যেন অদৃশ্য হয়ে যায়। গল্প এগোতে থাকে সমান গতিতে। ডেস্টিনি, টাইম-ট্রাভেল, স্মৃতি ও মিথসমৃদ্ধ এই কাহিনি দ্রুতগতিতে অগ্রসর হয়। প্রেমের আখ্যানও আসে ভিন্নধর্মী, চমৎকার অনুভূতি নিয়ে। সময়, স্থান এবং ভাগ্যের খেলায় মূল দুই চরিত্রের জীবনের নানা মুহূর্ত রঙিন হয়ে ওঠে, আর পাঠক তাদের আবেগ, আনন্দ, দুঃখ ও আশা অনুভব করতে থাকে তীব্রভাবে—যা হৃদয়ে কোমল দোলা দেয় এবং মনে করিয়ে দেয় যে, ভালোবাসা কখনো সময় বা ভাগ্যের বাঁধা মানে না। বইটা শেষ করার পরও গল্পের আবেশ মনের ভেতর দীর্ঘসময় ধরে রয়ে যায় একটা হালকা শূন্যতা, উষ্ণতা আর এক চিলতে আনন্দের আলো হয়ে।
যাইহোক, 'ইয়োর নেম'–এর বিশেষত্ব নিয়ে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। এক কথায়, এটি এক অসাধারণ ইমোশনাল রাইড। অ্যানিমে ফিল্মটা দেখার পর থেকেই এটি আমার খুব প্রিয় হয়ে উঠেছে, আর তখন থেকেই বইটা পড়ার ইচ্ছে জন্মেছিল। কারণ আমি দেখতে চাচ্ছিলাম সিনেমাটা যেভাবে আমার মন ছুঁয়েছিল, সেই অনুভূতি বইয়ের লেখা পড়েও বজায় থাকে কিনা। সিনেমা অবশ্যই একটা টিমওয়ার্কের ফল, বিশেষ করে অ্যানিমেশন সিনেমা। কিন্তু 'ইয়োর নেম'-এর যে নেশা ধরানো সৌন্দর্য, তার পেছনে আসল জাদুকর যে রাইটার-ডিরেক্টর মাকোতো শিনকাই, সেটা এই বইয়ে তার বর্ণনাশৈলী পড়লেই পরিষ্কার বোঝা যায়। বিশেষ করে কিছু কিছু দৃশ্যাবলির বর্ণনা অত্যন্ত শৈল্পিকভাবে করা হয়েছে, আর তাতে ব্যবহৃত উপমাগুলো খুবই সুন্দর। যেমন অনুভূতি সিনেমা দেখার সময় হয়েছিল, বইটা পড়ার সময়ও ঠিক তেমনটাই লেগেছে। তাই বইটা সিনেমার তুলনায় কোনো অংশে কম নয়; সব মিলিয়ে এটি সিনেমাটারই এক সুন্দর পরিপূরক। মূল চরিত্রগুলোর অনুভূতি কিছু জায়গায় সিনেমার চেয়েও ভালোভাবে ফুটে উঠেছে, আর সিনেমার ডিটেইলিংগুলোও এই বইয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে।
বইটা বাংলায় অনুবাদ করেছেন রুদ্র কায়সার, প্রকাশ করেছে ভূমিপ্রকাশ। এই এডিশনটা নিয়ে আলাদা করে কিছু বলতেই হয়। রুদ্র কায়সার একজন সনামধন্য অনুবাদক। এর আগে তার কোনো অনুবাদ পড়া হয়নি, তবে এই বইয়ে তিনি বেশ ভালো কাজ করেছেন। 'ইয়োর নেম'–এর ভাষা খুব কঠিন কিছু নয়, বরং বেশ সরলই বলা যায়। কিন্তু মূল লেখার ভেতরে যে আবেগটা আছে, সেটাকে অনুবাদে ঠিকভাবে ফুটিয়ে তোলা কিছুটা চ্যালেঞ্জিং। আর সেই কাজটা অনুবাদক বেশ ভালোভাবেই করেছেন। সবমিলিয়ে অনুবাদটা খুব সুন্দর হয়েছে। শুধু কয়েকটা জায়গায় সংলাপের অনুবাদ একটু জড় মনে হয়েছে। আর ভূমিপ্রকাশ থেকে প্রকাশিত এই 'ইয়োর নেম' অনুবাদ বইটার প্রচ্ছদ থেকে প্রোডাকশন, সবই খুব সুন্দর। বিশেষ করে সুন্দর ফন্ট ব্যবহার, দারুণ কোয়ালিটির রঙিন পেইজ আর মাঙ্গা থেকে নেওয়া বেশ কিছু ইলাস্ট্রেশন যুক্ত করায় এটি হয়ে উঠেছে দৃষ্টিনন্দন একটি এডিশন। তাই কালেকশনে রাখা কিংবা উপহার দেওয়ার জন্য এই অনুবাদ বইটি সত্যিই পারফেক্ট। তবে দুঃখের বিষয়, বেশ কিছু বানান ভুল আর চোখে পড়ার মতো টাইপিং মিস্টেক রয়েছে এতে, যা এমন মানের বইয়ে আশা করা যায় না।
📚 বইয়ের নাম : ইয়োর নেম
📚 লেখক : মাকোতো শিনকাই
📚 অনুবাদ : রুদ্র কায়সার
📚 বইয়ের ধরন : রোমান্টিক, ইয়াং-অ্যাডাল্ট, ফ্যান্টাসি
📚 ব্যক্তিগত রেটিং : ৪.৫/৫