কাঙাল হরিনাথের শিষ্য জলধর সেনের আত্মকথা ও স্মৃতিচারণমূলক এই গ্রন্থ বেশ উপভোগ্য। এখনকার মতো পড়াশোনার খরচ তখন সুলভ ছিল না। ট্যাক ভারি না থাকলে বিদ্যার্জনের স্বপ্ন দিবাস্বপ্ন-ই থেকে যেতো। তবু যাঁরা সত্যিকারের সংগ্রামী মানুষ ছিলেন, তারা পড়াশোনা সেকালেও করতে পারতেন৷ জলধর সেনের সংগ্রাম এসময়ের শিক্ষার্থীদের কাছে রূপকথার মতো শোনাবে। দারুণ অনুপ্রেরণামূলক।
'গ্রামবাত্তা প্রকাশিকা'র সম্পাদক কাঙাল হরিনাথ মজুমদারের জীবন ও সাংবাদিকতার খণ্ড চিত্র জলধর সেনের বয়ানে পাওয়া যায়। এই কিংবদন্তী মানুষটির প্রতি আগ্রহ ও শ্রদ্ধাবোধ আরও বেড়ে যাবে জলধর সেনের লেখা পড়লে।
হিমালয় ভ্রমণ ব্যতীত নিজের সাংবাদিক জীবন ও তৎকালীন কতিপয় বিখ্যাত মানুষের স্মৃতিচারণা করেছেন জলধর সেন। বিশ শতকের প্রথমে মুম্বাইতে প্লেগের প্রাদুর্ভাব দেখা দেয়। তখনই সকলকে কোয়ারেন্টাইনে থাকতে হতো বলে উল্লেখ করেছেন জলধর সেন।
সংবাদমাধ্যমে সরকারি প্রভাব নয়া কোনো উদ্ভাবন নয়। শতবর্ষ পূর্বেও এসব ছিল। জলধর সেন ব্রিটিশ সরকারের মালিকানাধীন 'সুলভ সমাচার' নামে এক পত্রিকায় কাজ করতেন।
সাংবাদিকতা জীবন নয় বরং পড়াশোনা শিখতে জলধর সেনের সংগ্রাম সবচেয়ে বেশি ভালো লেগেছে। দীর্ঘদিন স্মরণ রইবে। আর হ্যাঁ, ভীষণ গতিশীল গদ্য। কিছু ঘটনার পুনরাবৃত্তি বাদ দিলে চটপট পড়ে ফেলার মতো গ্রন্থ।