আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পূর্তির সময়টি ঘনিয়ে আসছে দ্রুত । গত প্রায় অর্ধ শতকে বিশ্বরাজনীতিতে এসেছে আমূল পরিবর্তন । বিশেষ করে বিগত শতকের নব্বইয়ের দশকের শুরুতে ( ১৯৯১ ) স্নায়ুযুদ্ধের অবসানের পর বিশ্বরাজনীতিতে ঘটে গেছে নাটকীয় সৰ পরিবর্তন । সােভিয়েত ও মার্কিন জোটের মধ্যকার স্নায়ুযুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের রাষ্ট্রগুলাের মধ্যে যে ধরনের মেরুকরণ গড়ে উঠেছিল , বর্তমান পরিস্থিতি অনেক ক্ষেত্রেই তার চেয়ে ভিন্ন । কাজেই সত্তরের দশকের সূচনায় আমাদের মুক্তিযুদ্ধে কে কী ভূমিকা রেখেছিল , তার বিচার করতে হবে তখনকার বাস্তবতা ও প্রেক্ষাপটেই । এ কথা স্বীকার করে নিলেও আমাদের মনে রাখতে হবে এ দেশের ইতিহাসকে । ঐতিহাসিক সত্যকে ভুলে যাওয়ার সুযােগ নেই । মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশের ভূমিকার আলােকে আমাদের নতুন প্রজন্ম অনুধাবন করতে পারবে সেই বিপদের দিনে কে ছিল আমাদের মিত্র , আর কে ছিল শত্রু ।