রেবন্ত গোস্বামী রচিত কল্পবিজ্ঞান সমগ্র ~ বাঙালীর কল্পবিজ্ঞান চর্চার এক গুরুত্বপূর্ণ অধ্যায়
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
বইয়ের নাম: কল্পবিজ্ঞান সমগ্র
লেখক: রেবন্ত গোস্বামী
সম্পাদনা: সুদীপ দেব
প্রকাশক: কল্পবিশ্ব পাব্লিকেশনস
প্রচ্ছদ: বিজন কর্মকার
অলংকরণ: সত্যজিৎ রায় ও বিজন কর্মকার
পৃষ্ঠা সংখ্যা: ৩৭৬
মূল্য: ৪৫০ টাকা
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
বাংলা ভাষায় কল্পবিজ্ঞান সাহিত্যের সংখ্যা বিশ্ব সাহিত্যের কল্পবিজ্ঞানের তুলনায় খুব কম। বিশেষতঃ শিশুপাঠ্য হিসাবে কল্পবিজ্ঞানকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বারংবার। তবে এই গতানুগতিকতার বিরুদ্ধে গিয়ে কিছু সাহসী লেখক অন্য ধারার কল্পবিজ্ঞান রচনা করে গেছেন। রেবন্ত গোস্বামী এমনই একজন লেখক যিনি মূলতঃ কিশোরদের জন্য কল্পবিজ্ঞান লিখলেও তাঁর সুললিত লেখার আবেদন পরিণত বয়সের মনের মধ্যেও নাড়া দিয়ে যেতে পারে।
রেবন্তবাবুর লেখা কল্পবিজ্ঞানে জটিল তত্ত্বের কচকচি নেই। আবার উদ্ভট গাঁজাখুরি লেখাকে কল্পবিজ্ঞান বলে চালিয়ে দেওয়ার প্রবণতাও নেই। এই কল্পবিজ্ঞান কাহিনীগুলিতে মানবিক দিকটা সবথেকে বেশি মনকে আকর্ষণ করে। কঠিন বিষয়কে প্রাঞ্জলভাবে বর্ণনা করেও যে কল্পবিজ্ঞান লেখা যায় তার প্রমাণ রেবন্তবাবুর লেখায় খুব ভালো করেই বোঝা যায়। বেশ কয়েকটি গল্পে গবেষক সাত্যকি সোম এবং তাঁর বানানো রোবট নরোত্তম গল্পের মুখ্য চরিত্র। এই বৈজ্ঞানিক তাঁর নিজের বাড়িতেই গবেষণা করেন এবং মূলতঃ মানব কল্যাণেই তাঁর এই গবেষণা। নরোত্তমের মধ্যে তিনি মানুষকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেননি, মানুষের দোষ ত্রুটি সবই আছে নরোত্তমের। কয়েকটি বিজ্ঞানধর্মী রহস্যকাহিনীতে জীববিজ্ঞানের অধ্যাপক অর্ণব চৌধুরী এবং তাঁর বন্ধু সাংবাদিক সুদীপ্ত সান্যাল রহস্যভেদে উদ্যত হন। এই দুই চরিত্রের আরও কিছু গল্প থাকলে বেশ হতো।
বইটিতে আছে ৩৪টি গল্প এবং ১০টি ছড়া। সাথে রয়েছে রেবন্তবাবুর সাক্ষাৎকার, ওনার প্রথম প্রকাশিত কল্পবিজ্ঞান সংকলন বৃশ্চিক গ্রাসের গ্রন্থ পরিচয় এবং নারায়ণ সান্যালের লেখা একটি চিঠি।
প্রত্যেকটি গল্পই মনোগ্রাহী। তবে বিশেষ করে উল্লেখের দাবী রাখে হোমিফাইটা, বৃশ্চিক গ্রাস, অণুঘ্রাণ যন্ত্র, লীলাবতীর মুক্তো, নেপোলিয়নের নবজীবন, সাত্যকি সোম ও মহাকালাধার, নাম তার রুবাই, সুমন, সুবর্ণদ্বীপ রহস্য, হ্যাঁকো, চন্দ্রাহত সাত্যকি সোম, একটি অন্যলৌকিক কাহিনী, লালটু, অঙ্গ ভঙ্গ তরঙ্গ, ইনট্রারেড, গেছো-মাস্টার এই গল্পগুলি। ছড়াগুলি শিশুপাঠ্য কিন্তু বেশ মজাদার, খানিকটা লিমেরিক ধরণের।
হার্ডবাউন্ড বইটির সুন্দর একটি প্রচ্ছদ এঁকেছেন বিজন কর্মকার। বইটির মধ্যে রয়েছে সত্যজিৎ রায় এবং বিজন কর্মকার অঙ্কিত অনেকগুলি সুন্দর অলংকরণ। কল্পবিশ্ব পাব্লিকেশনস প্রকাশিত অন্যান্য বইগুলির মতো এখানেও পৃষ্ঠা, মুদ্রণ এবং বাঁধাই যথেষ্ট উচ্চ মানের।
বইটি পড়ে মনটা কিছুটা খারাপও লাগছে। রেবন্তবাবু বর্তমানে শারীরিক অসুবিধার কারণে লেখা ছেড়ে দিয়েছেন। তাঁর লেখা গল্পগুলির কয়েকটি চরিত্র আরও অনেক লেখার দাবী জানায়। বর্তমান কালের কোনও কল্পবিজ্ঞান লেখক এই চরিত্রগুলিকে আবার ফিরিয়ে আনলে ভালো হয়।