মানুষ সময়কে ভয় পায়, আর সময় ভয় পায় পিরামিডকে!
আরব্য উক্তি, অত্যুক্তি নয়। ঐতিহ্য নিয়ে বড়াই করতে চাইলে সগৌরবে করতে পারে মিশরের মানুষ। পাঁচ হাজার বছরের ইতিহাস, চাট্টিখানি কথা নয়। হাজার রাতের গল্প ফুরোবে, হাজার মনের দুঃখ ঘুচবে, হাজার পাতা লেখা শেষ হবে...তবুও শেষ হবেনা যেই ইতিহাস, সেই ইতিহাস পৃথিবীর বুকে একটার পর একটা পাথরের টুকরো গেঁথে তিলে তিলে রচনা করেছে একটা জাতি।
আমার মনে আছে, খুব সম্ভবতঃ আমি আমার স্কুলজীবনে দুই কি তিনবার কোনো এসাইনমেন্ট করেছি প্রবল উৎসাহে। তার মাঝে মিশর নিয়ে ছিল একটি। পৃষ্ঠাসংখ্যা, কন্টেন্ট, তথ্য কিভাবে যোগাড় করেছিলাম কিছুই মনে নাই। তখন ইন্টারনেট অতটা সহজলভ্য ছিলনা। আমার শুধু আবছাভাবে যা মনে পড়ে আমি আমার এক বন্ধুর থেকে মিশর নিয়ে একটা বিশাল মোটা ইঙ্গরেজি বই এনেছিলাম। বইটার কয়টা পাতার দৃশ্য আমার চোখে ভাসে। আর একটা গন্ধ ছিলো বইটার। একটা পুরনো গন্ধ, কিন্তু মিষ্টি। ইতিহাসের গন্ধ বোধহয় এমনি হয়, না? পাতায় পাতায় ছবি ছিল, মমিকরণ প্রক্রিয়া ধাপে ধাপে ছবি আকারে দেখানো ছিল, পিরামিডের এভারেজ পোস্টমর্টেম এত ভালোভাবে ওখানে পেয়েছিলাম, যে এই বিষয়গুলো নিয়ে আর কখনো তেমন পড়বার প্রয়োজন হয়নি। তখন যে অংশগুলো বাদ পড়েছিলো তার মধ্যে ইতিহাস, মিথ, আর্কিওলজির কথা ছিল প্রধান। আমার ধারণা এই বইটি থেকে আমি সেই অংশগুলোই বেশ সহজে পেয়েছি। একটি ধর্মকেন্দ্রিক জাতি কিভাবে পৃথিবীর সবচাইতে শক্তিশালী ইতিহাস স্থাপন করে বসে আছে, সেটাই ভাবছিলাম পুরোটা সময়। শুধু হায়রোগ্লিফিক দুর্বোদ্ধ এক ভাষার আবিষ্কারটাও কি কম শ্বাসরুদ্ধকর ছিলো?!
যে যুগের উদ্ধারকৃত গল্প পড়লাম, যে সময়ের এস্ট্রোনমি আর আর্কিটেকচার জ্ঞান নিয়ে জানলাম, পুরো ভিত নড়ে উঠলো মনে হয়। যুগের চাইতে অগ্রসর বোধহয় এটাকেই বলে। মেলাতে গেলে মিশরের ইতিহাসের সাথে ঘুরেফিরে সব কিছু কেমন যেন কানেক্টেড মনেহয়। হেরোডটাস, মার্ক টোয়েন, নেপোলিয়ন, জুলিয়াস সিজার, আলেকজান্ডার...ইতিহাস প্রসিদ্ধ এরকম সব নাম জড়িয়ে আছে এর সাথে, ব্রেকিং ব্যাডের সর্বশ্রেষ্ঠ এপিসোড থেকে শুরু করে, হাজারও ধর্মগ্রন্থে, আইনে, বিজ্ঞানের সাথে লিয়াজু দেখে চক্ষু কপালে ওঠে। গ্রিক, নরডিক, এরাবিক এর মতো পুরাণ হোক, সংস্কৃতি হোক, যোগাযোগ আছেই মিশরের সাথে। কতশত কনসেপ্ট ধার করে তাবৎ দুনিয়ার শিল্প সাহিত্য চলছে ভাবলেও অবাক লাগে। অনির্বান ঘোষ বেশ গল্পচ্ছলে সহজ সুন্দর ঢংয়ে মিশরের ইতিহাস বলে গেছেন। আর বাংলায় মিশর নিয়ে সবচাইতে ভালো বইয়ের তকমা দেয়া যায় কিনা তা নিয়ে বিতর্ক চলুক, কিন্তু আমার কাছে কেমন যেনো গল্পের ঘ্রাণটাই বেশি রয়ে গেছে মনে হচ্ছিলো। মানে জানার চাহিদা ঠিক পুরোপুরি পূরণ হয়নি। এই যেমন মুসা (আঃ) বা মোজেস এর টপিক ভুলে যাওয়া, সবরকম কনস্ট্রাকশনের বর্ণণা খুব কম তুলে ধরা, সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে কথা না বলা, ইত্যাদি খুঁটিনাটি বহু টপিক রয়ে গেছে অধরাই। তবে হাজার বছরের ইতিহাস এক মলাটে আনার যে গুরুভার, তা ঠিক লেখক ঘাড়ে নিবেন কিনা তা নিয়ে তর্ক চলতে পারে।
শেষ করবো একটা চিন্তা দিয়ে, মিশর তার যুগের চাইতে অনেক অগ্রসর ছিল, ফারাওদের গল্প নিয়েই হয়তো মাতামাতি চলছে সবখানে। কিন্তু ইমহোটেপ এর মতো মহাজ্ঞানী যেই মানুষগুলো আদতে ইতিহাসটাকে তৈরি করেছেন জেনে বুঝে, যাদের ক্ষমতার মোহ ছিল না। তারা নিশ্চয়ই কোনো না কোনোভাবে সচেতন ছিলেন তারা কি করছেন। শুরুর সেই আরব্য উক্তিটার মতো, এমনকি হতে পারেনা, সেই মানুষগুলো আমাদের ইতিহাস যেভাবে দেখাতে চেয়েছেন, সামনে একটা পিরামিড তুলে দিয়ে... আমরা সেটাই দেখছি। আসল বেশিরভাগ সত্য আমরা কখনোই জানবোনা। কিংবা ইমহোটেপ আদতে উধাও হয়ে যান নি, হয়তো তিনি অমরত্বকে জয় করে ফেলেছিলেন। হতেই পারে ঢাকা শহরের শান্তিনগরে নীল চোখা ছফুট লম্বা লিকলিকে শরীরের যে ঝালমুড়ি ওয়ালা মামাকে দেখেছি গত দুইদিন, তিনি আর কেউ নন, খোদ...