২০১৮ সালে প্রকাশিত 'উষ্কানীমূলক গল্প' আখতারুজ্জামান আজাদের প্রথম গল্পসংকলন। বইটিতে মোট নয়টি গল্প রয়েছে। সমসাময়িক বিভিন্ন বিষয় গল্পগুলোর প্রধান উপজীব্য।
আখতারুজ্জামান আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলি নিয়ে কবিতা ও প্রবন্ধরচনার জন্য তাঁর বিশেষ খ্যাতি রয়েছে।
গল্পগুলো পড়ে মনে খুব অসাধারণ কোনো অনুভূতি তৈরি হয়নি। ইতিপূর্বে লেখকের কবিতা ও প্রবন্ধ পড়েছিলাম। তাঁর প্রবন্ধ নিঃসন্দেহে পরিণত; পড়লে বোঝা যায় যে, গদ্য রচনায় তিনি দুর্বল নন। লেখক তাঁর গল্পে অত্যন্ত সচেতনভাবে প্রচুর বক্রোক্তি, অনুপ্রাস, শ্লেষ ব্যবহার করেছেন। এগুলো আমার কাছে মাত্রাতিরিক্ত মনে হয়েছে। গল্পগুলো অনেকটা স্বরবৃত্ত ছন্দে লেখা ছড়া বা রম্যগল্পের মতো, ভারিক্কি বিষয় নিয়ে লিখলেও যেগুলো মনে খুব বেশি রেখাপাত করে না।
ফেসবুকে একাধিক ইতিবাচক পাঠ-প্রতিক্রিয়া দেখে বইটা পড়ার আগ্রহ জেগেছিল। আগ্রহ অনুপাতে বিশেষ ভালো লাগেনি।
১১০ পৃষ্ঠার বইতে ৯ টা ছোটগল্প আছে। এই বইটার প্রথম গল্পের সাথে সমসাময়িক আলোচিত ঘটনা ঃ পরীমনি- রাজের বিয়ে এবং পরীমনির প্রেগ্ন্যাসির ঘটনা হুবহু মিলে যায়। অথচ বইটা প্রকাশিত হয়েছিল ২০১৮ সালের ফেব্রুয়ারিতে, বইমেলায়!