মাহবুব তালুকদার বাংলাদেশের অন্যতম প্রধান কথাসাহিত্যিক, ছোটগল্প ও উপন্যাসের এক পারঙ্গম লেখক। নরনারীর জীবনের পারস্পরিক সম্পর্কের জটিল গ্রন্থি উন্মোচন তাঁর ছোটগল্পের মূল উপজীব্য। কাহিনীর নিটোল অবয়ব আর পরিশীলিত বর্ণনারীতি পাঠককে নিয়ে যায় মনোলোকের কোন গভীর গোপন প্রকোষ্ঠে, যেখানে অন্তরপ্রবাহের বিচিত্র চিত্রণ সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখে। আপন আয়নায় মুখ রেখে তাঁর গল্পের চরিত্রগুলো যার যা ভূমিকা ব্যক্ত করে এবং সংবেদনশীল মননের আড়ালে লেখক থাকেন নির্লিপ্ত ও নিস্পৃহ। মাহবুব তালুকদারের ছোটগল্প আলোছায়াময় বহুবর্ণ প্রতিকৃতি অবলোকনের অনুপম আস্বাদন। লেখকের কথাশিল্পের সমৃদ্ধ কারুকাজ ও তাঁর অনন্য বুনোটের নবতম গল্পগ্রন্থ সুবর্ণ জয়ন্তী।
মাহবুব তালুকদার নেত্রকোনা জেলার (তৎকালীন মহকুমা) পূর্বধলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। কর্মজীবনের সূচনায় ষাটের দশকের প্রারম্ভে তিনি ছিলেন দৈনিক ইত্তেফাক-এর সাংবাদিক। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যুক্ত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে তিনি প্রবাসী মুজিবনগর সরকারের তথ্য বিভাগে যোগদান করেন। ১৯৭২ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত বঙ্গভবনের কার্যকালে তিনি চারজন রাষ্ট্রপতির অধীনে সরাসরি দায়িত্ব পালনের সুযোগ পান। তিনি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকারি প্রেস সচিব ছিলেন। এক সময়ে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পূর্বে তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় নিয়োজিত ছিলেন। ২০১৭ সালে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার পদে পাঁচ বছরের জন্য নিয়োগ লাভ করেন এবং দায়িত্ব পালন করেন।
মূলত সৃজনশীল লেখক মাহবুব তালুকদার বিগত ৬৫ বছর যাবৎ নিরলসভাবে সাহিত্যচর্চা করছেন। তাঁর সাহিত্যকর্মের মধ্যে আছে উপন্যাস, গল্পগ্রন্থ, কাব্যগ্রন্থ, শিশুসাহিত্য, ছড়ার বই ও ভ্রমণকাহিনি। তিনি ২০১২ সালের বাংলা একাডেমি পুরষ্কার লাভ করেন।