সাদাসিধা মানুষ মাইনুল। খোঁড়া পা নিয়ে কাজ করে একটা গ্যারেজে। স্ত্রী আর একমাত্র মেয়ে ফুলিকে নিয়ে একটা বস্তিতে থাকে। ফুলির অনেক জ্বর, ডাক্তার দেখানো দরকার। কিন্তু মাইনুলের কাছে কোনো টাকাপয়সা নেই। কী হবে এখন? টাকার খোঁজে বের হল মাইনুল। ব্যস, পড়ে গেল ঝামেলায়।
এলাকার প্রাক্তন এমপি'র ছেলে কবির খানকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গেল। এমপির মৃত্যুর পর ইলেকশনে কবির খানেরই দাঁড়ানোর কথা ছিল। শ্বাসরোধ করে মারা হয়েছে কবির খানকে। ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক কোন্দল? রেকর্ড বলে পার্টি থেকেও কবির খানকেই মনোনয়ন দেয়া হয়েছিল আগামী নির্বাচনের। তাছাড়া কবির খানের ইলেকশন করা নিয়ে দলের আর কারো কোনো মাথাব্যথা নেই, তাদের চোখে কব্জ্র খানই যোগ্য লোক। তাহলে খুন হলো কেন?
লোকাল থানার ওসি আরিফ আর তার সহকারী হাফিজের চোখে ঘুম নেই। যে করেই হোক কবির খানের খুনিকে বের করতে হবে। উপর থেকে প্রেশার আসছে খুব। এদিকে এক খুনের তদন্তের কূল-কিনারা না হতেই আরেকটা খুন হয়ে গেল। কবির খান যেখানে খুন হয়েছিল ঠিক তার পাশেই। দুটো খুন কি একই সূতোয় বাঁধা?
শরিফুল হাসানের লেখা এবারই প্রথম পড়লাম। অবাক হতে পারেন, আপনি সাম্ভালা পড়েননি? না পড়িনি। তবে সাম্ভালা তিন খন্ডই আলাদাভাবে আমার সংগ্রহে আছে। কেন এখনো পড়িনি? এই ট্রিলজি নিয়ে এত পরিমাণ হাইপ উঠেছিল, বিভিন্ন বইয়ের গ্রুপে এত এত রিভিউ পড়েছি, ভাবলাম এখন পড়তে গেলে আমি আসল মজা নিতে ব্যর্থ হব। হাইপ কমে যাক, আমার মাথা থেকেও পড়া রিভিউগুলো দূর হোক, তখন আয়েশ করে পড়ব। এবার আসি এই বইয়ের আলোচনায়।
শুরু থেকেই আপনার মনোযোগ আটকে রাখতে সক্ষম "রাত্রি শেষের গান"। থ্রিলার বই এমনই হতে হয়, প্রথম এক কি দুই পাতা পড়লেই যেন এমন একটা অবস্থা হয়, পুরো বই শেষ না করে যেন আর শান্তি পাওয়া না যায়। প্রথম দুই পাতা পড়ে ফেলতে পারলে এই বই আর রাখতে পারবেন না আপনি। তবে, কিছু ব্যাপার আমার কাছে ধোঁয়াটে মনে হয়েছে আমার। বইয়ের কাহিনীটা যে এলাকায় ঘটেছে, পড়তে গিয়ে মনে হয়েছে সেটা ঢাকার মধ্যেই কোনো একটা এলাকায় ঘটেছে। আবার এক জায়গায় আজিমপুরের কথাও বলা হয়েছে। যেহেতু একটা বস্তির কথাও বলা হয়েছে এবং আজিমপুরকে বলা হয়েছে ঘটনাস্থলের কাছাকাছি, সেহেতু লালবাগ বা পুরান ঢাকা হতে পারে, অথবা আজিমপুরও হতে পারে। কিন্তু আরেক ঘটনায় বলা হয়েছে, ঘটনা নিশ্চয় খুব গুরুতর, নয়তো ঢাকা থেকে ফোন আসতো না। এটা হলো থানার ওসির কথা। যে জায়গায় খুন হয়েছে তার পাশের থানাই তদন্ত করছে, কিন্তু বলা হচ্ছে ঢাকা থেকে ফোন এসেছে যেহেতু, কেসটা গুরুত্বপূর্ণ। তার মানে কী দাঁড়ালো? আমার মনে হয় লেখক এই জায়গায় কিছুটা গুলিয়ে ফেলেছেন।
তাছাড়া যেহেতু মার্ডার মিস্ট্রি, আমার মনে হয় এখানে স্থানের উল্লেখ করাটা জরুরি ছিল। স্থানের নাম উল্লেখ থাকলেই আর এই জটিলতা হত না। কাপড় পরা আর বই পড়ার পরা/পড়া নিয়ে চোখে পড়ার মত অনেক ভুল রয়েছে। আশা করব পরবর্তী সংস্করণে এই ভুলগুলো থাকবেনা। চমৎকার প্রচ্ছদের জন্য তানিয়া আপুকে ধন্যবাদ। প্রচ্ছদটা আমার অতিমাত্রায় পছন্দ হয়েছে।
যদি রহস্যের পাগল হয়ে থাকেন, থ্রিলার আপনার পছন্দের জনরা হয় তবে এখনই শুরু করে দিতে পারেন। দুই ঘন্টায় শেষ হয়ে যাবে বই। এই দুই ঘন্টায় দারুণ এক জার্নি হবে আপনার। হ্যাপি রিডিং।