মঞ্জিল সেন এর লেখার সাথে আমি খুব একটা পরিচিত না। আসলে আনন্দবাজার গোষ্ঠীর বাইরে সমসাময়িক খুব কম পশ্চিম বাংলার লেখকের সাথেই পরিচিত হওয়ার সুযোগ ছিল আমার মতো এপার বাংলার পাঠকদের দীর্ঘদিন ধরে। তবে এখন সময়টা বদলেছে। টুকটাক দু চারটে লেখা হয়তো বিভিন্ন সংকলনে পড়েছি তার কারণে নামটা পরিচিত হওয়ায় বইটি কিনে ফেলেছিলাম। যদিও প্রথম খন্ড পাই নি দ্বিতীয় খন্ডই সই। মঞ্জিল সেনের ভুতের বা অলৌকিক গল্পগুলো মন্দ নয়। হয়তো অসাধারণ বলা যাবে না কোনটিকেই তবে মানের বিচারে উচ্চ মধ্য বা মধ্য মানের সব গল্পই। আমার কাছে অন্তত কোন গল্পকেই একেবারেই দূর্বল মনে হয় নি। এযুগের পরিবেশে ভুতের গল্পের আবহ সৃষ্টি করাটা বেশ কঠিনই, মঞ্জিল সেন সেই কঠিন কাজটিই করে দেখিয়েছেন। কিছু গল্পের জন্য তিনি অবশ্য খুঁজে নিয়েছেন অতীতের রহস্যময় পরিবেশ । এমনিতে বেশিরভাগ গল্পের ঘটনাকালই এ যুগের। তবে পঁচিশটি গল্পের মধ্যে একটি গল্প ডাবল কাউন্টিং হয়েছে। পুতুল আর ভূতুরে পুতুল তো আসলে একই গল্প, সম্পাদক আর প্রকাশক এই ব্যাপারটি খেয়াল করলেন না কেন বুঝলাম না।