বিংশ শতাব্দীর প্রথমার্ধের বাংলা সাহিত্যের জায়ান্টদের মধ্যে বিভূতিভূষণের মত এত বৈচিত্র্যময় অতিপ্রাকৃতিক গল্প আর কেউ লেখেনি। সংকলনের অন্যতম সেরা গল্প তন্ত্র আর তান্ত্রিকদের নিয়ে গল্পের কাল্ট ক্লাসিক তারানাথ তান্ত্রিকের দুইটা গল্প। তারানাথ, কিশোরী, বৃষ্টিস্নাত মট লেন, মাতু পাগলী, শ্মশানে শবসাধনার জীবন্ত বর্ণনা, মধুসুন্দরী দেবীর প্রেম সব মিলিয়ে গল্পদুটো অসাধারণ জীবন্ত। "আরক" গল্পে বালিহাঁস শিকারে গিয়ে নির্জন হ্রদের তীরে অতিপ্রাকৃত অভিজ্ঞতা, "রঙ্কিনী দেবীর খড়্গে" আগাম মড়কের চিহ্ন, "মায়া" গল্পের ভূতের বাড়ির বর্ণনা, বোমাইবুরুর জঙ্গলের রাতের আঁধারের অদ্ভুত সাদা কুকুর আর সুন্দরী নারী, "ছেলেধরা" তে নির্জন জঙ্গলে বিরাট বীভৎস নররাক্ষস, বিরজা হোমের বাধায় বিকট প্রেত, "পেয়ালা" গল্পের অভিশপ্ত পেয়ালা, "তিরোলের বালা"র অচেনা এক উন্মাদ অপরূপা, "মেঘমল্লারের" মানুষরূপী দেবী আর বংশীবাদক, "মেডেল" গল্পের গোরা সিপাহীর প্রেত, "খোলা দরজার ইতিহাসে" অন্ধকার দুনিয়ার পৈশাচিক শক্তির আগমন, এরকম প্রতিটা গল্পই বর্ণনা, বৈচিত্র্যে, ভাষায়, চরিত্রে অনন্য, সাথে বিভূতিভূষণের সিগনেচার প্রকৃতি, বৃষ্টি, ঝড়, রাত্রি, সন্ধ্যা, বন, শ্মশানের ছোট ছোট অপরূপ সব বর্ণনা।