#বইপড়া_অনুষ্টুপ_২০২১
আমার ধারণা ছিল বাড়িতে থাকা সব বই-ই আমি অন্তত একবার পড়েছি। কাজেই এবার বইয়ের আলমারি গুছোতে গিয়ে এরকম আচমকা আচমকা পুরোনো কিন্তু না পড়া বই পেয়ে বেশ চিন্তায় পড়ে যাচ্ছি! এক হতে পারে এগুলো আমি পুনে রওনা দেবার পর অন্য কোথাও থেকে এসেছে, নয়তো নেহাতই ছোট্ট সাইজের বলে কোথাও লুকিয়ে চোখ এড়িয়ে গেছিল।
সে যাক। মাত্র ৪৭ পৃষ্ঠার বইটিতে হালকা, বৈঠকী চালে লেখা আছে রেলযাত্রার নানা তথ্য, লেখকের নিজের অভিজ্ঞতা, রেললাইন-ইঞ্জিন-কামরা-স্টেশনের রকমারি বর্ণনা, রেল নিয়ে সরস কৌতুকী বা ভুতূড়ে গল্প, চমকপ্রদ ঘটনার গল্প ইত্যাদি। বহুল প্রচলিত "রেল কাম ঝমাঝম" ছড়াটির ভুল শব্দ ও ঠিক ব্যাখ্যা দিয়ে সুখপাঠ্য বইটি শেষ হয়েছে।
একটা ছুটির দিনের দুপুর চমৎকার কাটল ধানক্ষেতের মধ্যে ছুটে যাওয়া ট্রেনে বসে, আমরা যা চোখেই দেখিনি সেই রেল-মোটর কোচে করে ঘোরার গল্প শুনে, ফেয়ারি কুইনের কাণ্ড পড়ে থ হতে, আদ্যিকালের টাইমটেবিলে লেখা খেলারগড়ের নীল পাথরের মূর্তির কথা কল্পনা করে।
বেশ লাগল। বেশ।
----
বই- রেলের পা-চালি
লেখক- সুকুমার সেন
প্রকাশক- আনন্দ পাবলিশার্স
মুদ্রিত মূল্য - বর্তমান জানি না। ১৯৯০ সালে ছিল ১০/-