অস্তিত্বের রহস্য, অন্তর্ঘাতী বেদনা এবং অস্থির সময় ছাপিয়ে বেঁচে থাকার উদযাপন অক্ষরে সাজানো এই বইটির গল্পগুলো।
* সারমেয় কিংবা জর্জ হ্যারিসন * সসেমিরা * আপাত অব্যক্তিগত * গল্পটা রবিবারেরও হতে পারত * মদ এক স্বর্ণাভ শিশির * জুনাই বিবির অভিযোজন * সম্পূর্ণ কিংবা আধেক মানুষ * কে আছো অ্যাবসার্ড সচেতন? * পোকায় কাটা জার্নাল * একটি নিঃশ্বাসকালীন শব্দ * প্রিন্ছা খেঁ ও চন্দ্রকলা * অবনী বাড়ি নেই * টুপি থেকে অনেক পায়রা বের করে... * যার যা কিছু অথবা ধুলোমাখা ব্যক্তিগত চাঁদ
কিছু কথাসাহিত্যিক আছেন যাদের লেখার গুণাগুণ মুখ্য বিষয় নয়। আপনি আগে আচ্ছন্নের মতো পুরোটা পড়বেন;তারপর মাথায় আসবে লেখাটা ভালো না মন্দ। ইশরাত তানিয়ার লেখাও তেমনি। গদ্য সতেজ, কাব্যগন্ধী, কণ্ঠস্বর মৃদু অথচ বিশ্বাসে ঋজু। লেখিকার পাশাপাশি দুটো গল্পের বিষয়বস্তু কখনো এক হয় না।তার "মেলো ইয়েলো, শিউলিগাছ আর বারান্দা হচ্ছে" পড়েই সেটা বুঝেছিলাম। কখনো নিখাদ বাস্তব, কখনো জাদুবাস্তবতার ছোঁয়া, কখনো ঘোর লাগা কাব্যস্রোত- সব মিলিয়ে "মদ এক স্বর্ণাভ শিশির।" কিছু গল্প জোরালো অভিঘাত সৃষ্টি করতে পারেনি। কিছু গল্প তীব্র আবেশ সৃষ্টি করতে পেরেছে। যেমন- সসেমিরা, মদ এক স্বর্ণাভ শিশির, যার যা কিছু অথবা ধুলোমাখা ব্যক্তিগত চাঁদ, জুনাই বিবির অভিযোজন, টুপি থেকে অনেক পায়রা বের করে..., প্রিনছা খেঁ ও চন্দ্রকলা। ইশরাত তানিয়ার অন্যান্য লেখাও আগ্রহ নিয়ে পড়ার অপেক্ষায় রইলাম।
আপনার কখনো নতুন কোন লেখককে আবিষ্কার করলে আনন্দ হয়? আবার সেই লেখক যদি এতোই ভালো লেখে যে উনার লেখা পড়ে আপনার মাঝে এক অদ্ভুত মুগ্ধতা কাজ করে!
শেষ এরকম ভালো লাগা কাজ করেছিল গুডরিডসে ইমতিয়ার শামীম'কে আবিষ্কার করে। আর এখন একই অনুভূতি হলো ইশরাত তানিয়া'র 'মদ এক স্বর্ণাভ শিশির' পড়ে।
ইশরাত তানিয়া কে বা কোন বই লিখেছেন কিনা আমি কখনো শুনিনি, জানিনি। শুধুমাত্র ফেসবুকে উনার একটা গদ্য লেখার লিংক (সমকালে প্রকাশিত)পেয়ে, আমি ওইটা পড়ি এবং আমার মনে হয়েছে আমি ওইরকম মেলানকোলিক সুন্দর কিছু কখনো পড়িনি। তখনই বই বের হয়েছে জানতে পেরে রকমারিতে উনার দুইটা বই অর্ডার করে ফেলি। এইটা আরেকটা 'বীজপুরুষ '।
পরে আমার উনার সাথে মেসেঞ্জারে কথা বলার সুযোগ হয়েছিল, উনি অসম্ভব একজন ভালো মানুষ। লেখকের সাথে কথা বলতেছি এটা ভেবেই আমার অনেক ভালো লেগেছিল। কিন্তু উনি আর ইমতিয়ার শামীম দু'জনকেই দেখলাম প্রচন্ড প্রচারবিমুখ। তাই আমরা এনাদেরকে আরো আগে আবিষ্কার করতে পারিনা। ☹️
যাইহোক, বইয়ের কথায় আসি, এটা একটা ছোট গল্পের সংকলন। প্রথম দুইটা গল্প মোটামুটি লাগলেও, পরের গুলো এত্তো সুন্দর, প্রতিটা গল্প শেষ করার পরে আমি বইটা কিছুক্ষণ বন্ধ করে ওই গল্পটা নিয়ে ভাবতে বসতাম, সেজন্যেই ১২৮ পৃষ্ঠার একটা বই শেষ করতে আমার এতো সময় লেগেছে।
আমি দুইটা গল্পের কথা বলবো যে দুইটার জন্য বইটাকে অনায়াসে পাঁচ তারা দেওয়া যায়। একটা হচ্ছে 'জুনাই বিবির অভিযোজন'। এটা হিন্দু মুসলিম সংঘাত নিয়ে একটা গল্প, যেই সংঘাত ২০২১ সালে এসেও আমাদের দেখতে হচ্ছে! এই গল্পের কিছুকথা একদম মাথায় গেঁথে গেছে....
"বাসভূমির কি জাতি ধর্ম বর্ণ হয়? হয়তো হয়। হিন্দুর জন্য এই দেশ না। হাজার বছর ধরে আঁকড়ে ধরে থাকা দেশ, মাটি, স্বজন কিছুই থাকল না। জীবনের বেশিরভাগটাই নিয়ন্ত্রণযোগ্য অজানা। সব কিছু বুঝে উঠার আগেই যেন এই বাড়ি ঘর কড়ি বর্গা সব অতীত হয়ে যাবে। ওই যে বারান্দায় দাঁড়িয়ে দেখা কুয়াশার মাঠ, শিউলিতলার আলোর ফোঁটা... মানচিত্রের এদিকে যা কিছু আছে থেকে ছিল হয়ে যাবে, ওদিকের উদ্বাস্তু জীবনে।"
"ভাঙে তো দেশও, মন ভাঙে। মিসমার হয়ে যায় ভরন্ত সোনার ঘরসংসার, সাধের খাটপালং, শিথানপৈথান আর নাড়ি পোঁতা উঠানের মাটি। কত জন্ম কত মৃত্যু এসে মিশে গেছে জুনাই বিবির করুণ ক্লান্ত জীবনের প্রবহমানতায়।"
আরেকটা গল্প হচ্ছে 'প্রিন্ছা খেঁ ও চন্দ্রকলা'... এটা হচ্ছে এক রাখাইন মেয়ে প্রিন্ছা কিভাবে নিজের শরীর দিয়ে যুদ্ধ করে একদল মিলিটারি ক্যাম্পকে ধ্বংস করে দিয়েছিল কৌশলে এক ডাক্তারের সাহায্য নিয়ে।
অন্য গল্পগুলোও অনেক বিষন্ন সুন্দর। প্রেমের গল্প থাকলেও নেই কোন লুতুপুতু প্রেমালাপ। বরং ওইগুলো পড়েও আপনাদের অনেক ভাবাবে।
আমার প্রিয় লেখকের তালিকায় আরেকটা নাম যুক্ত হলো। অনেক শুভকামনা পরের বইয়ের জন্য।
বইটা নিয়ে দুই চারটা কথা লিখাটা খুব জরুরি। কিন্তু আমি আজকাল কিছু লিখতে পারি না। তাও চেষ্টা করতেই হয় কারণ অনেক কম মানুষ লেখিকাকে চিনে।
বইয়ের শুরুতে গল্পগুলো মোটামুটি লাগছিল (অথবা আমার মুড ছিলনা), পড়তে হয় তাই পড়ছিলাম আর কি। কিন্তু যতই আগাচ্ছিলাম গল্পগুলো ম্যাচুরিটি পাচ্ছিল। কিছু কিছু গল্পতে আছে ইতিহাসের ছোঁয়া আর কিছু গল্পতে আছে অনেক এলোমেলো চিন্তার খোরাক। গল্পগুলোতে মেলানকোলিক সুরটাও আমার খুব পছন্দের। পছন্দের গল্পগুলোর মধ্যে আছে জুনাই বিবির অভিযোজন, প্রিন্ছা খেঁ ও চন্দ্রকলা, টুপি থেকে অনেক পায়রা বের করে। আর একদম শেষ গল্পটা, যার যা কিছু অথবা ধুলোমাখা ব্যক্তিগত চাঁদ, আমার খুব পছন্দ হয়ে গেল। এই গল্পটা মনে হয় মানুষের প্রতিদিনের গল্পের মত।
এরকম লেখকদের আরও বেশি পাবলিসিটি দরকার। অনেক অনেক মানুষের কাছে এরকম বইগুলো পৌঁছানো দরকার। সবার কাছে অনুরোধ থাকবে বইটা পড়ার। আর লেখিকার পরের বইয়ের জন্য অপেক্ষায় থাকলাম।
ইশরাত তানিয়ার গদ্য খুব কাব্যিক। প্রথম দুটো গল্প পড়তে পড়তে মনে হচ্ছিল, তিনি গল্প বলতে চাইছেন না। শুধু চাইছেন যেই পরিবেশের বর্ননা পেশ করছেন, তাতে যাতে পাঠক প্রবেশ করে গল্প খুঁজে নেয়। এটি বলার কারন, প্রথম গল্প 'সারমেয় কিংবা জর্জ হ্যারিসন' এ আমরা কুকুর অধ্যুষিত এক এলাকায় নানা মানুষের জীবনের একটু আধটু ঝলক দেখতে পাই। গল্প যখন শেষও হয়, তখনো মনে হয় যে তিনি শুধু এমন এক এলাকায় ঘুরিয়ে আনতে চেয়েছিলেন, কারন, পড়ে মনে হয় নি এটি কোন গল্প। গল্প পড়তে গিয়ে তা গল্প না হলে মনে একটু বঞ্চনার অনুভূতি আসে। দ্বিতীয় গল্পেও যখন তিনি নিখুঁতভাবে এক বেশ্যাপল্লীতে ঘুরিয়ে আনেন, তখনও এরকমই লাগে। যদিও, 'সসেমিরা' এ আমরা লায়লা কেন খদ্দের কমায় না, তা জানতে পারি। দুটো গল্প পড়ে মনে মনে ভাবছিলাম যে, পুরোটা বইতে কি তাহলে এভাবেই গল্পকার গল্প বলবেন বলে ধরা দিয়ে পিছিয়ে যাবেন?
তৃতীয় গল্প, 'গল্প রবিবারেরও হতে পারত' অপেক্ষাকৃত ছোট। আর এটি প্রথম দুটো গল্প পড়ার পর একটু ভালো লাগে। যেই জায়গায় আধুনিক জীবনে ফোন নিয়ে কাটিয়ে দেওয়া মানুষটিকে চেনানো হয়, তা পড়তে পড়তে মনে হয়, আরে, আমরা তো সবাই এরকম এবং মনে এক অস্বস্তি তৈরি হয় গল্প শেষ করে। 'মদ এক স্বর্ণাভ শিশির' গল্পটি পুরোটাই স্বগতোক্তি এবং আবারও এটি যেন একজনের মনের গলি ঘোরানো। বিমূর্ত এবং সুন্দর।
পর পর দুটি পাতিগল্পের পর আবারও লেখিকা বড়গল্পে নিয়ে যান। এবারে ''জুনাই বিবির অভিযোজনে' নিচুতলার এক মানুষের দৃষ্টিকোণ থেকে দুটো সময় দেখতে থাকি আমরা। একটি সময় হিন্দু-মুসলিম দাঙ্গার সময়টি ও আরেকটি বর্তমান। পাঠককে হোঁচট খেতে না দিয়েই দুটি সময় পরিক্রমণ করান গল্পকার। জুনাই বিবির গল্পটি 'সসেমিরা' এর চরিত্রদের কথাও মনে করায়। দুই গল্পেই দুটো জায়গায় নারী শুধু বাধ্য, তাঁর নিজের ইচ্ছা অনিচ্ছা নেই।
'সম্পূর্ণ কিংবা আধেক মানুষ' গল্পে জরুরী চরিত্র রূপেন। তাঁর সাথে রু এর বন্ধুত্বের অংশটি মুগ্ধ করে। 'কে আছো অ্যাবসার্ড সচেতন' এ লেখিকা নিজের ভাষায় সিসিফাসের গল্প বলেন, আমাদের জানান 'পরিশ্রম নিষ্ফল হয় না কোনোদিন। মৃত্যুতেই শুধু প্রচেষ্টার অবসান'। 'পোকায় কাটা জার্নাল' এ আবার প্রযুক্তিঘেরা জীবনের বয়ান ফিরে আসে, কিন্তু এবারে পাত্রপাত্রীরা কিশোর কিশোরী। তলিয়ে যেতে যেতে কতদুর তারা চলে যেতে পারে অন্তর্জালের মায়াময় ফাঁদে পড়ে, তা শেষে এসে চিন্তায় ফেলে দেয়। 'একটি নিঃশ্বাসকালীন শব্দ' মনে করিয়ে দিয়েছে, শক্তিপদ রাজগুরুর 'মেঘে ঢাকা তারা' এ বর্ণিত দুই বোনের সম্পর্কের কথা।
পুরো সংকলনে সবচেয়ে ভালো লেগেছে শেষ চারটি গল্প। আর এ বইয়ে আমার প্রিয়তম গল্প ' প্রিনছা খেঁ ও চন্দ্রকলা'। একাত্তরের এক আদিবাসী বীরাঙ্গনা চরিত্রকে ঘিরে আবর্তিত গল্পটি আমাদের সাহিত্যে না বলতে চাওয়া কিছু অধ্যায়ের একটি। বাহাত্তরে আবার যখন প্রিনছার সাথে সাঈদের দেখা হয়, সেখান থেকে গল্পটা শুরু করেন লেখিকা এবং কোন সিদ্ধান্ত পাঠকের উপর চাপিয়ে দেন না। 'অবনী বাড়ি নেই' ও আমার খুব ভালো লেগেছে। পিয়া, অবনী ও দীপাকে নিয়ে এক গোপন জীবন কাটানো রায়হানের জন্য মায়া হয়, কারন, কাউকেই যেন ভুলে থাকতে পারে না সে! কিন্তু, শুরুতে সন্দেহ হলেও শেষে পরিষ্কার হয়ে যায়, যে অবনী কে!
ব্যর্থ সাহিত্যিক আরেফিনের উপন্যাস প্রকাশক ফিরিয়ে দেয় 'টুপি থেকে অনেক পায়রা বের করে' তে। এখানে শাহাদুজ্জজামানের 'একজন কমলালেবু' এর উল্লেখ থাকে। আর হলুদ এক টুপির সাথে আরেকটি চরিত্র জড়িয়ে থাকে, তাঁর নাম শান্তা, কিন্তু সবাই তাকে ডাকে অপু, কারন সে নায়িকা অপুর মতো দেখতে! রহস্যময় এক দোকানীর কাণ্ডও গল্পটাকে আমার এই সংকলনের প্রিয় গল্পের মধ্যে দ্বিতীয় স্থানে রাখতে উৎসাহী করে।
সংকলনের শেষ গল্প 'যার যা কিছু অথবা ধুলোমাখা ব্যক্তিগত চাঁদ' ও অন্যরকম বেশ। অর্থনীতির শিক্ষিকা নাজনীনের জীবন কোন এক সাত'ই মার্চে শহরের নানা জায়গায় বঙ্গবন্ধুর ভাষনের ভেসে আসা টুকরো টুকরো বাক্যের ফাঁকে গল্পকার দেখান। চাহিদা, যোগান, ভোক্তা, বাজার, উৎপাদন, এসবের মাঝেই দেশের বর্তমান হাল নিয়ে নাজনীনের চিন্তা আসলে আমাদেরই উৎকণ্ঠার প্রতিফলন।
ইশরাত তানিয়া বেশ শক্তিশালী একজন গল্পকার। এতোগুলো বিষয় নিয়ে নানা স্বাদের গল্প পড়ার আশা ছিল না। আর গল্প সংকলনে সব গল্প সাধারণত পাঠককে সমানভাবে স্পর্শ করে না। এখানেই ইশরাত তানিয়াকে নতুন একজন লেখিকা হিসেবে ভালো লেগে গেল। কারন, বইটি যতো এগোয়, তিনি ততো চমৎকার গল্পের আসরে পাঠককে নেমন্তন্ন করেন এবং গল্প শোনার আশা পূরণ করেন। সমানভাবে মুগ্ধ না করলেও সব গল্পই পাঠককে চিন্তার খোরাক দেয়।
প্রিয় পাঠক, আসমা আঁখিকে অসংখ্য ধন্যবাদ, এই গল্পকারের সন্ধান দেবার জন্য। এই বই শেষ করার পর তাঁর বাকি বইগুলোও পড়ার ইচ্ছা তৈরি হল।