"বহু অনুরোধেও নিজের ফেলে আসা জীবন নিয়ে মুখ খোলেননি তিনি।কখনও, কোনো কারণেই নয়।তিনি রমাপদ চৌধুরী। বাংলা সাহিত্যের চিরদীপ্যমান কথাসাহিত্যিক। ভেবে ছিলেন, নিজেই লিখবেন আত্মজীবনের অতিবাহিত সময়কে। লিখতে শুরুও করেছিলেন। বয়সজনিত অসুস্থতার মধ্যেও লিখে গেছেন তাঁর অতীতকথা।
এই আত্মকথনে স্বয়ং কথক হলেও, তিনি এক প্রচ্ছন্ন ‘আমি’; অথচ উজ্জ্বল তাঁর চারপাশের অগণন চরিত্র। পিতামহ, মাতামহ, পিতা-মাতার পারিবারিক বৃত্ত পেরিয়ে রামধনুর মতো উদ্ভাসিত সেইসব মানুষ – যাঁরা তাঁর সঙ্গ পেয়েছেন, সঙ্গে থেকেছেন, সঙ্গী হয়েছেন। এ-এক অকপট ইতিবৃত্ত। যা চিনিয়ে দেবে লেখক ও তাঁর সময়কালকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে প্রাক-স্বাধীনতা পর্বের অস্থির কলকাতা, তাঁর নাগরিক জীবন এবং এক লেখকের ‘লেখক’ হয়ে ওঠার পশ্চাৎপটকে।"
রমাপদ চৌধুরীর জন্ম ২৮ ডিসেম্বর ১৯২২। কৈশোর কেটেছে রেল-শহর খড়গপুরে। শিক্ষা: প্রেসিডেন্সি কলেজ। ইংরেজি সাহিত্যে এম.এ.। গল্প-উপন্যাস ছাড়াও রয়েছে একাধিক প্রবন্ধের বই, স্মৃতিকথা এবং একটি অত্যাশ্চর্য ছড়ার বই। বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন সাম্মানিক ডি লিট, ১৯৯৮৷ ১৯৮৮-তে পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সাহিত্য সম্মান জগত্তারিণী স্বর্ণপদক ১৯৮৭। ওই বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র পদক ও পুরস্কার ১৯৮৪। শরৎসমিতির শরৎচন্দ্র পুরস্কার ১৯৯৭। রবীন্দ্র পুরস্কার ১৯৭১। আনন্দ পুরস্কার ১৯৬৩৷ তাঁর গল্পসমগ্র বইটিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক পুরস্কৃত। হিন্দি, মালয়ালাম, গুজরাতি ও তামিল ভাষায় অনূদিত হয়েছে তাঁর বহু উপন্যাস ও গল্প। প্রকাশিত হয়েছে বহু রচনার ইংরেজি, চেক ও জার্মান অনুবাদ। তিনিই একমাত্র ভারতীয় লেখক, যাঁর গল্প সংকলিত হয়েছে আমেরিকা থেকে প্রকাশিত লিটারারি ওলিম্পিয়ানস গ্রন্থে, অনুবাদ করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের ক্লিনটন বি সিলি৷ উপন্যাস খারিজ প্রকাশিত হয়েছে ইংরেজিতে।
পাতায় পাতায় জুড়ে আছে এক অসাধারণ ছেলেবেলা, ফেলে-আসা অপূর্ব কৈশোর কাল, যার গায়ে লেপ্টে আছে সেই সব অতীতের হারিয়ে যাওয়া যুগের অমূল্য স্মৃতিচিহ্ন । পরাধীন ভারতের সেই পুরনো সমাজচিত্র , রেলশহর খড়গপুরের ধূসর স্মৃতি, পরিণত বয়সে কলকাতার উষ্ণতা, এই সব কিছুই ধরে রাখার এক অসীম চেষ্টা করা হয়েছে এই বইতে ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে প্রাক-স্বাধীনতা পর্বের অস্থির কলকাতা, তাঁর নাগরিক জীবন এবং এক লেখকের ‘লেখক’ হয়ে ওঠার পশ্চাৎপট স্মরণ করেই তুলির আঁচড় টেনেছেন জীবনের ক্যানভাস " ফেলে আসা জীবন "। আত্মপ্রচারহীন এক আত্মজীবনী এই গ্রন্থ, তার চেয়েও বেশি পরিচিত লেখকের অকপট স্বীকারোক্তি রূপে, যা চিনিয়ে দেবে লেখক ও তাঁর সময়কালকে । এই বই শুধু সময় সরণিতে ফেলে আসা সময়ই নয়, তার থেকেও পাঠক মহলের কাছে বেশি বিবেচ্য বিস্মৃত সময়ের রূপকথা রূপে ।
যেকোনো লেখকের পুরানো স্মৃতির রোমন্থনের সাথে বিকেলের মিঠে রোদ আর কুয়াশার চাদর জড়িয়ে আছে অঙ্গাঙ্গিভাবে । পুরনো দিঘির জলের উপর জমে থাকা শ্যাওলার উপরের ঘন কুয়াশার চাদর সরিয়ে জলের নিচে মিঠে রোদের আলো পৌঁছে বিছুরণ ঘটানোই যেন অভিপ্রায় যেকোনো লেখকের স্মৃতিকথা লিখতে বসে । রমাপদ চৌধুরীর কলমে সেই মিঠে রোদের ছায়াই ধরা দিয়েছে বারবার ।
খ্যাতির মধ্য গগনে থাকাকালীন ঘোষনা দিয়েই লেখালেখি থেকে অবসর নিয়ে নেন রমাপদ চৌধুরী। সেই সময়েও তার লেখার চাহিদা অনেক, পাঠক চায় রমাপদ চৌধুরীর লেখা পড়ে যেতে, পত্রিকাগুলো মুখিয়ে থাকত নানা উৎসবে রামপদ চৌধুরীরর লেখার জন্যে।
রমাপদ চৌধুরী এমন একজন লেখক যার কাছে লেখার "সংখ্যার" চেয়ে বড় "মান"। তৈরীর থেকে উৎকৃষ্ট সৃজন। অন্তর্গত কোন চাপা অভিমান ছিল কিনা তা হয়তো তিনিই বলতে পারতেন। তবে তার কথায় "থামতে জানাটাও একটা আর্ট।"। তার কাছে যে লেখার পরিমানের চেয়ে মান সবচেয়ে বড় তা তার লেখার সংস্পর্শে যিনি এসেছেন তিনি কিছুটা হলেও বুঝবেন। কিছু কিছু আত্মজীবনী বা স্মৃতিকথা উক্ত লেখকের লেখা উপন্যাস, গল্প, কবিতার আগে পড়ে নেয়াটা অনেকটা আশীর্বাদের মতো। বিশেষ করে কদিন আগে মলয় রায় চৌধুরীর"ছোটোলোকের জীবন" অথবা রমাপদ চৌধুরীরর"ফেলে আসা জীবন" পড়ে সেই ভাবনাটা আরও পাকাপোক্তই হয়েছে। সেই সব স্মৃতিকথার বাঁকে বাঁকে একটা উপন্যাসের বা গল্পের অনেক রূপরেখাই থাকে, লেখক সেগুলো অনেকটা বলেও যান। বলে যান, অর্ন্তদৃষ্টির সৃষ্টিশীলতায় কিভাবে দুটো চরিত্রের সমষ্টিতে হয়ে ওঠে তৃতীয় একটা চরিত্র। সেই সব দরকারী টুকরো টুকরো কথাগুলো গল্প বা উপন্যাস পাঠকালে বাড়তি আনন্দ জোগাবে।
রমাপদ চৌধুরীর "ফেলে আসা জীবন" নিয়ে বিশেষ কিছু বলার নেই। পড়তে খারাপ লাগার প্রশ্নই ওঠে না। তার লেখনীর মধ্যে অন্যরকম একটা আন্তরিকতার ছায়া, যেটা খুব আপন লাগে। তাই জানা কথাগুলোও বারবার পরা যায়। বিশেষ কোন আলাপে যাব না অন্য কারনে। ইতোমধ্যে "হারানো খাতা" নিয়ে আলোচনা করেছি। তাই "ফেলে আসা জীবন" নিয়ে নতুন কিছু বলার নেই। বইটা পড়ে নতুন কিছু পাইনিও। আনন্দ পাবলিাশার্স থেকে"হারানো খাতা" প্রকাশিত হয়েছে আগে। প্রতিভাস পরে বের করেছে "ফেলে আসা জীবন"। না করলেও হত বোধহয়। হারানো খাতার অলমোস্ট অনেকটাই রিপিট হয়েছে এই বইয়ে, আর বলতে গেলে খুব কমই নতুন কিছু এসেছে।
সংগহ করতে চাইলে দুটোই করা যায়। পড়তে চাইলে যে কোন একটা পড়লেই বাকিটা পড়া হয়ে যায়। দুটোর প্রোডাকশনই দারুন। তবে প্রতিভাসের "ফেলে আসা জীবন" বোধহয় একটু এগিয়ে থাকবে।