গল্প সংকলনের গল্পগুলি সবই পুরাণ আশ্রিত। উপনিষদের কাহিনী, মহাভারতের আখ্যায়িকা বুদ্ধের উপাখ্যান কিংবদন্তির গল্প রূপকথার গল্পসহ মোট এক ডজন গল্প আছে। এককথায় এই সব কিছুর মধ্যেই ভারতীয় জীবনধারা প্রবহমান। তাই তো কোনো কালের মূল্যবোধের সঙ্গে তার পুনঃনির্মাণ হয় সহজে। জানা গল্প এক নতুন মাত্রা পেয়ে অনন্য হয়ে ওঠে। পুরুনোকে নতুন করে কাছে পাওয়ার আনন্দ পাঠকের হৃদয়ে বাঁধা পড়ে যায়। তার কারণ মানুষের চিরকালীন আনন্দ, হর্ষ, দুঃখ, বেদনা ও ব্যাকুলতার রূপ, রঙ বদলায় না, কেবল নতুন হয়ে ওঠে। মনের আকাশে নিত্য নতুন আলোর প্রসন্নতা ছড়ায়। ‘অরণ্য স্বাক্ষর’ আর ‘কুম্ভীর তর্জনী’ একই বিষয়কে দু’ভাবে উপস্থাপন করে বোঝাতে চেয়েছি রূপ ও ভাবের ভাণ্ডারে কোনো কিছুরই পুনরাবৃত্তি নেই।