Jump to ratings and reviews
Rate this book

শতরঞ্জ

Rate this book
পাকিস্তানের প্রধানমন্ত্রী আসছেন ভারত সফরে। আসছেন কলকাতায়।

আন্তর্জাতিক ও কূটনৈতিক স্তরে অসম্ভব স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সফরের আগেই ঘটে চলেছে কিছু আপাত সংযোগহীন ঘটনা।

দৈনিক সত্যবার্তার সাংবাদিক মোনালিসাকে গভীর রাতে ফোন করে কী অ্যাসাইনমেন্ট দিলেন সম্পাদক? করাচীর "চানেসার গোঠ" রেলস্টেশনে পাওয়া যায় কার অজ্ঞাত পরিচয় লাশ? র'-এর উচ্চাকাঙ্ক্ষাহীন মধ্যবয়সী অ্যানালিস্টকে শীতঘুম ভাঙিয়ে কোন কাজে নিয়োগ করা হল? কে-ই বা করল? বারুইপুরে চটি কিনতে গিয়ে পুলিশের হাতে কেন গ্রেপ্তার হলেন জনৈক বাংলার শিক্ষক? দিল্লির গণেশনগর মহল্লায় একা একটা ফ্ল্যাটে কাটানো ওই বিপত্নীক ভদ্রলোকই বা কে? তাঁর কী সম্পর্ক, এই সমস্ত ঘটনার সঙ্গে?

হিংস্র বাস্তুতন্ত্রের মধ্যে শ্বাপদের নিয়ত ছোটাছুটিতে গুলিয়ে যায়, কে শিকার আর কে-ই বা শিকারী!

শতরঞ্জ বড় জটিল! ভার্জিনিয়ার শান্ত শহরতলি থেকে কলকাতার ব্যস্ত রাজপথ, লাহোরের মোচি গেট থেকে বারুইপুরের বাজার, দিল্লির ক্ষমতার অলিন্দ থেকে চানেসার গোঠ-এর আন্ডারওয়ার্ল্ড, দুবাইয়ের বিলাসবহুল হোটেল থেকে ধাড়সা--- ষড়যন্ত্র ও পাল্টা ষড়যন্ত্রের সূক্ষ্ম জাল ছড়িয়ে আছে আমাদের চারপাশে!

খেলা হবে নাকি?

Paperback

Published August 10, 2021

Loading...
Loading...

About the author

Arindam Chattopadhyay

3 books9 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (55%)
4 stars
3 (33%)
3 stars
0 (0%)
2 stars
1 (11%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Arijit Banerjee.
62 reviews
December 10, 2025
কিছু কিছু বই থাকে, পড়ার পরে মনে হয়, আহা, মানুষকে এই বই সম্পর্কে জানাই। যত বেশী মানুষ এই বইটা পড়বে, তত ভাল। কিন্তু লিখতে বসলেই ব্যস, ভাঁড়ে মা ভবানী! সমস্ত তালগোল পাকিয়ে যায়, কোথা থেকে কীভাবে শুরু করবো, আর কোথায় গিয়ে শেষ করবো, ভেবে পাইনা।

'শতরঞ্জ' পড়তে গিয়েও এরকমই অবস্থা আমার। একেকটা পর্ব পড়ি, গুচ্ছের মানুষ এসে হাজির হয় - কেউ আসে দিল্লী থেকে, কেউ আসে আমেরিকা থেকে, কেউ আসে বারুইপুর থেকে, কেউ আসে, হ্যাঁ, পাকিস্তান থেকেও। পাকিস্তান মানে করাচীর কুখ্যাত চানেসার গোঠ, আবপারা ইত্যাদি অঞ্চল থেকে। গুল্ল করে এই অঞ্চলগুলো সম্পর্কে পড়লাম - ওরেবাবা, পড়েই তো ভয় লাগছে।

এই যে এত সংখ্যক মানুষ, এরা আসছেন সমাজের একদম উচ্চস্তর - দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, মন্ত্রী, আমলা- থেকে শুরু করে সাংবাদিক, পড়ুয়া, পুলিশ, বাংলার শিক্ষক, মুচি, মানে পুরো সামাজিক স্পেকট্রাম।

কিন্তু এরা করছেন কী? অনেককিছু ঘটে যাচ্ছে, কিন্তু একটার সঙ্গে অন্যটার কোনো লিঙ্ক আমি তো পাচ্ছি না। তারিখ দেওয়া আছে প্রতি পর্বের শুরুতে, কিন্তু সেখানে ট্যুইস্ট হচ্ছে, প্যাটার্নটা নন-লিনিয়ার। ফলে টাইম ফলো করলেও কিস্যু বোঝা যাচ্ছে না। যা থাকে কপালে, ভেবে এগিয়ে চললাম।

অবশেষে...বেশ খানিকটা এগোনোর পরে, মনে হল, কিছু যেন দিশা পাচ্ছি। আপাত-সম্পর্কহীন এই যে সব ঘটনাবলী, এদের মধ্যে খুব সূক্ষ্ম কিছু প্যাটার্ন আছে। বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে, বা ঘটানো হচ্ছে, কোনো বৃহত্তর ঘটনাকে রূপ দিতে।

রাজনীতি এই বইয়ের মূল উপজীব্য। রাজনীতির বেসিক মন্ত্র হচ্ছে - এখানে কেউ কারো বন্ধু নয়, কেউ কারো শত্রু নয়, কেউ ভালও নয়, কেউ মন্দও নয়, সবাই ঘুরছে নিজের নিজের স্বার্থসিদ্ধির জন্য। সেইজন্যেই, এই কাহিনিতেও, কেউ পুরো সাদা নয়, কেউ পুরো কালোও নয়। কাহিনির শেষেও, ঠিক-ভুলের বিচারটা কেমন যেন ঘেঁটেই থাকে। তার ওপর, রাজনৈতিক মঞ্চ যদি হয় ভারত এবং পাকিস্তান, তাহলে তো আরোই সরেস হয় ব্যাপারটা।

অরিন্দমবাবু বেশ লিখেছেন বইটি। ডিটেলের প্রতি তাঁর চোখ আছে, এবং সেই ডিটেলিং-এর যোগ্য কলমও আছে। একটা হার্ডকোর থ্রিলারের মধ্যেও তিনি হিউমার এনেছেন, তবে সেটা কখনোই আরোপিত মনে হয়নি। কাহিনির শুরুতে তিনি গাঁতিয়ে ঢিল দিয়েছেন, প্রচুর সুতো ছেড়েছেন, প্রচুর ঘটনা আমদানি করেছেন, কিন্তু অত্যন্ত সুনিপুণভাবে, সবকটা সুতোকে জড়ো করে, আটকেছেন। কাহিনির শেষটা অনবদ্য, এই জটিল ঘটনাপ্রবাহের এরকম ওপেন-এন্ডেড সমাপ্তিই বাঞ্ছনীয়।

পাঠক হিসেবে বলি, খুব মনোযোগের দাবী রাখে এই বই। ঘটনার ঘনঘটা সামলাতে মাঝে মাঝেই পাতা উলটে দেখতে হয়েছে, ফিরে ফিরে পড়তে হয়েছে। তবে পড়া শেষ করে, খুব তৃপ্তি পেয়েছি।

এবারে আসা যাক কিছু অত-ভাল-নয় ব্যাপারে।

১। বিভা-র প্রোডাকশন বেশ ভাল, পেপারব্যাকটা অত্যন্ত ছিমছাম হয়েছে, স্মার্ট লুক যাকে বলে। মুদ্রণ প্রমাদ একদমই সামান্য।

তবে, একুশ নম্বর পর্বে, পটান্তরের সময়, হঠাৎ করেই অরুণ সচদেভের অংশ থেকে শামসুদ্দিন-জব্বারের কাহিনি আরম্ভ হচ্ছে (পাতা ২৫৯)। কোনো গ্যাপ বা বিরতি নেই। এই একই পর্বে, পট পরিবর্তন হয়ে পরীক্ষিৎ ঢুকে পড়ছেন ২৬২ পাতায়। প্রথমে ভেবেছিলাম এটা শুধু এই পর্বেরই ব্যাপার, কিন্তু এই ব্যাপার এর পর থেকে মাঝেমাঝেই ঘটেছে। পাতাসংখ্যা কম রাখার জন্যেই কি এরকম?

গোটা বইটা এতই ভালভাবে বিন্যস্ত যে এই ত্রুটিটা খুবই চোখে লাগলো।

২। অরুণ, রাকেশ, শেখরণ, প্রদীপবাবু, পরীক্ষিৎ - এঁদের ক্ষেত্রে, মাঝেমাঝেই 'তাঁর' থেকে 'তার', 'ভাবলেন' থেকে 'ভাবলো' হয়ে গেছে। বস্তুত, শুরুতে এই মিক্সাপ অনেকটাই কম ছিল, কিন্তু পরের দিকে এটা প্রচন্ড বেড়ে গেছে। আশা করি লেখক এবং প্রকাশক, উভয়ে মিলে পরের সংস্করণে এটা শুধরে নেবেন।

বাংলায় পলিটিক্যাল থ্রিলার আমি এর আগে পড়িনি। 'শতরঞ্জ' আমার পড়া এই বছরের অন্যতম সেরা বই হয়ে রইলো, এবং বাংলায় পড়া সেরা পলিটিক্যাল থ্রিলার।
Profile Image for Suparna Chatterjee.
11 reviews8 followers
April 9, 2022
বই- শতরঞ্জ
লেখক- অরিন্দম চট্টোপাধ্যায়
প্রকাশক- দ্য ক্যাফে টেবল
মুদ্রিত মূল্য- ৪৭৫

আমার মতো গোবেচারা গৃহবধূ, যারা ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়, তাদের লাইফস্টাইলটা জানেন তো; থোড়-বড়ি-খাড়া, খাড়া-বড়ি-থোড়। এ হেন আমার জীবনে সশরীরে এক ইয়া গোবদা চেহারা নিয়ে থ্রিলার হাজির হলে, কত পরিমাণে পুলকিত হতে পারি ভাবুন!
এ থ্রিলার আবার যে সে থ্রিলার নয়, ষড়যন্ত্রের এক বিশালাকার জাল বুনে চলা পলিটিক্যাল থ্রিলার। ফলে, যাঁরা রাজনীতি ভালবাসেন, সেই সঙ্গে রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হতে চান, এই বই নিঃসন্দেহে তাঁদের জন্য।
বইয়ের জাল এই উপমহাদেশ জুড়ে ছড়ানো। আন্তর্জাতিক এক ঘটনাকে কেন্দ্র করেই ঘটে চলল কিছু ঘটনা। তাদের মধ্যে কোনও সংযোগ কেউ খুঁজে পাচ্ছে না। কিন্তু সত্যিই কি সেগুলো বিচ্ছিন্ন ঘটনা!
বাংলা রহস্য রোমাঞ্চ গল্পে যেমন দেখি, তাবড়-তাবড় অফিসাররা হাবুডুবু খাচ্ছেন, এদিকে বাঘা গোয়েন্দা এসে সব 'চুটকি মে মুশকিল আসান' করে দিল, সে ভ্যাদভেদে গল্প এখানে পাবেন না।
পাবেন, শার্প ব্রেনের অধিকারী কিছু সরকারি অফিসার।
পাবেন, মিনিটে মিনিটে বুক ধরাস করে ওঠার মতো সিচুয়েশন।
পাবেন, আর্বান-স্মার্ট ঝরঝরে পরিষ্কার স্বাদু বাংলা গদ্য।
পাবেন, রক্তমাংসের কিছু চেনা চরিত্র, কল্পনার আড়ালে।
পাবেন... আহ! নিজে পড়ুন, সব আমি কেন বলব!

কিন্তু, বইটি সম্পর্কে আমার কিছু অভিযোগ রয়েছে। সাধারণ পাঠক বলেই আমার এ অনুযোগ। প্রাজ্ঞ ব্যক্তির কাছে সে সব নস্যি।
1, বইয়ের অধ্যায়ের নামগুলো সবই দাবার চাল দিয়ে। আমি দাবা বুঝি না, তাই অধ্যায়ের কনটেন্টের সঙ্গে অনেক ক্ষেত্রেই নামটি কানেক্ট করতে পারিনি।
2, লেখক এত বেশিবার 'ছা-পোষা' শব্দটি ব্যবহার করেছেন যে, শেষে এসে আমি বেশ বিরক্ত হয়েছি।
3, বইয়ের দাম। সেটি প্রকাশক দেখেন, নাকি লেখক, আমি জানি না। এত বেশি দাম দিয়ে কোনও কলেজ স্টুডেন্ট কি বইটা কিনতে পারবেন?
4, বইয়ের সমাপ্তি। এমন ওপেন এন্ডিং আমি নিজে নিতে পারি না।
5, বুদ্ধিমান মানুষেরা একই রকম ভাবেন--- এ কথা সত্য। কিন্তু, দু-তিন পাতার অন্তরে দুটি মানুষের চিন্তা ভাবনার ভাষা একই হয়ে যাওয়াটা দৃষ্টিকটু লেগেছে।
6, প্রচুর চরিত্রের সমাবেশ। গল্পের খাতিরে এত এত চরিত্রকে আনতে হয়েছে, তার উপর আবার যাদের প্রয়োজন নেই, সেই সব চরিত্রদেরও ব্যকগ্রাউন্ড টেনে আনায় কয়েকটি জায়গায় পড়ার আসল উত্তেজনা স্তিমিত হয়ে গিয়েছিল।

এতদূর পড়েও লেখক যদি মনে মনে গালিগালাজ করে আমার বাপ-পিতেম উদ্ধার না করে দেন, তাহলে শেষ অবধি তাঁকে শুভেচ্ছা জানিয়ে যাই। তাঁর প্ল্যাটিনামের কলম তীক্ষ্ণতর হোক।

পুনশ্চ- এটা না লিখলে অন্যায় হত। ক্যাফে টেবলের বইয়ের প্রচ্ছদ সবসময়েই দুর্দান্ত হয়। 'শতরঞ্জ'ও তার অন্যতম উদাহরণ। প্রচ্ছদ শিল্পী স্বর্ণাভ বেরাকে অসংখ্য সাধুবাদ জানাই। বইটা হাতে পেয়েই, আমার কন্যেটি এই প্রচ্ছদ থেকে অনুপ্রাণিত হয়ে একটি ছবি এঁকে, নিজের ঘরের দেওয়ালে সাঁটিয়ে রেখেছে। আপনাকে নমস্কার জানাই স্বর্ণাভ বাবু।
Profile Image for Sharmila Gupta.
1 review
December 18, 2025
গত চারদিন বুঁদ হয়ে ডুবেছ��লাম অরিন্দম চট্টোপাধ্যায়ের উপন্যাস শতরঞ্জে। এখনো ঘোর লেগে আছে, যা কাটিয়ে উঠতে সময় লাগবে ।
কিছু কাহিনী এমন হয়, যা পড়ার সময় অন্য কোনদিকে আর মন যায় না, অসম্ভব মনোযোগ লাগে... যা ভীষণভাবে ভাবায়, এবং শেষ হওয়ার পরও তার রেশ রয়ে যায়।
শতরঞ্জ এমনই একটি উপন্যাস ।
৪০০ পাতার এই উপন্যাস একটি পলিটিক্যাল থ্রিলার... এক বিশাল ষড়যন্ত্রের কাহিনী। প্রেক্ষাপট আমাদের এই উপমহাদেশ, ভারত পাকিস্থান ।
এই কাহিনীর বিস্তার এই দুই দেশের বিভিন্ন শহরের বিভিন্ন স্তরের মানুষদের ঘিরে। তাদের লোভ লালসা, ক্ষমতা দখলের মানসিকতা, কূটনীতি, ষড়যন্ত্রের জাল এবং গুপ্তচরবৃত্তি... এইসব নিয়েই গড়ে উঠেছে এই কাহিনী।
শতরঞ্জের সাদা কালো ঘুটির মতোই এই গল্পের চরিত্র গুলি। কখন কোন চাল বাজিমাত করবে , কে নির্মম ভাবে বলি চড়বে, কোন দান কাকে এগিয়ে রাখবে, কার পাল্লা কখন ভারী হবে...
পড়তে পড়তে মাঝে মাঝেই গুলিয়ে যায় ।
ফিরে ফিরে পড়তে হয় ঘটনাবলী বার বার।
প্রতিটি অধ্যায়ের শুরুতে তারিখ উল্লেখ করা থাকলেও , নন লিনিয়ার প্যাটার্নের জন্যে তাতে বিশেষ সুবিধে হয়না।
প্রসঙ্গত উল্লেখ যোগ্য, প্রতিটা অধ্যায়ের নামকরণ করেছেন লেখক, শতরঞ্জের বিভিন্ন চালের নাম দিয়ে..., এটি অবশ্যই একটি বিশেষ মাত্রা যোগ করেছে লেখায়।

লেখক অরিন্দম চট্টোপাধ্যায়ের লেখনী অসম্ভব স্মার্ট, মেদহীন, ঝকঝকে... এতো বড় থ্রিলার কাহিনীতে তিনি টানটান ভাবটা আগাগোড়া ধরে রাখতে পেরেছেন। লেখায় আছে ডিটেইলের প্রতি যত্ন, সে চরিত্র গুলির বিন্যাসেই হোক বা কোনো একটি জায়গা বা ঘটনার বর্ণনাতে। গল্পের অনেকগুলি ট্রাক, চরিত্রও প্রচুর... কিন্তু প্রতিটি ট্রাক তিনি অত্যন্ত দক্ষতার সাথে সামলেছেন, কোথাও কোনো ঘটনা প্রেডিক্টেবল বলে মনে হয়নি, বা কখনও গল্পের পেস স্লো বা বোরিং হয়ে যায়নি... গল্পের পরতে পরতে চমকটা লেখক তাঁর সুনিপুণ লেখনী দক্ষতায় বজায় রাখতে পেরেছেন।আদ্যোপান্ত এই সিরিয়াস গল্পে লেখকের ছোট ছোট হিউমারও বিশেষ ভাবে নজর কাড়ে।

শুধু শেষের দিকে বেশ কিছু অধ্যায় বদল হয়েছে কোনোরকম গ্যাপ না দিয়ে... এই জায়গাগুলো বুঝতে একটু অসুবিধে হয়।

শতরঞ্জ বইটি সংগ্রহ করে, পড়ে দেখতেই পারেন। পড়তে পড়তে এর সাথে একাত্ম হয়ে যাবেনই। বইটি শেষ না করে, অন্য কিছুতে মন বসাতে পারবেন না।
অরিন্দম চট্টোপাধ্যায়কে আগামী সব লেখার জন্য রইল আগাম শুভেচ্ছা।
Profile Image for Shamik.
219 reviews8 followers
October 26, 2021
মনে হলো বাংলায় Day of the Jackal শেষ করলাম!

বইটা বেশ বড়, দামটা বড্ডই বেশি, কিছু কিছু চরিত্রের ব্যাকস্টোরি বড্ড বেশি ডিটেইলে দেওয়া হয়েছে, পরে দেখা গেছে সেই চরিত্রগুলো একেবারেই মাইনর। বড্ড বেশি চরিত্রের সমাহার হয়ে গেছে, প্রথমদিকে বেশ গুলিয়ে যায়। সবকটা পরিচ্ছদের নাম ইংরেজিতে কেন?

এরকম টুকটাক কিছু বক্তব্য বাদ দিলে অসম্ভব টানটান। কাহিনীর মাঝামাঝিতে পৌঁছে গেলে নামিয়ে রাখা যায়না। হাইলি রেকমেন্ডেড। আরও আসুক এরকম।
Displaying 1 - 4 of 4 reviews