অরবিন্দ গুহের জন্ম ১৯২৮ সালে। বরিশালে। যে বরিশাল রাজনৈতিক হিসেবে অধুনা বিদেশ (বাংলাদেশ), তবু তাঁর নিজের ভাষায়, “আমার মৃত্যুর মুহূর্ত পর্যন্ত বরিশাল আমার স্বদেশ থেকে যাবে। ”
পিতা : স্বর্গত সত্যপ্রসন্ন গুহ।
বাল্য, কৈশাের ও আই, এস-সি পর্যন্ত পড়াশােনা বরিশালে। বরিশাল ব্রজমােহন স্কুল ও কলেজে। ১৯৪৫ সালে ম্যাট্রিকুলেশন, ১৯৪৭-এ ইন্টারমিডিয়েট। দেশভাগের পর চলে আসেন কলকাতায়। ১৯৪৯ সালে কলকাতার আশুতােষ কলেজ থেকে ডিস্টিংশন নম্বর পেয়ে পাশ করেন বি. এস-সি । কলেজের পাঠ সাঙ্গ হতেই যােগ দেন চাকরিতে । কেন্দ্রীয় সরকারের একটি দপ্তরে। কবিতা দিয়ে লেখার হাতেখড়ি। স্কুলজীবনেই কলকাতার ‘শিশু সওগাত' নামে ছােটদের একটি মাসিকপত্রে প্রথম কবিতা ছাপা হয়। পরবর্তীকালে কবি হিসেবেই প্রাথমিক প্রতিষ্ঠা। একাধিক কাব্যগ্রন্থ : ‘দক্ষিণ নায়ক’, ‘নিবিড় নীলিমায় অলক্তৃত’ ইত্যাদি। ছােটদের রচনাতেও সিদ্ধহস্ত। ছােটদের জন্য প্রকাশিত গল্পসংকলন, “মামাবাড়ি”।
‘ইন্দ্রমিত্র'—এই ছদ্মনামে একদিকে লিখেছেন সরস গল্প ও উপন্যাস, অন্যদিকে রচনা করেছেন গবেষণাধর্মী দুটি অসামান্য গ্রন্থ। গবেষণাধর্মী সাজঘর' গ্রন্থের জন্য ১৯৬২ সালে পেয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহদাস পুরস্কার, করুণাসাগর বিদ্যাসাগর' গ্রন্থটি ১৯৭২ সালে বৃত রবীন্দ্র পুরস্কারে।
সম্পাদিত গ্রন্থ : Unpublished letters of Vidyasagar. কলকাতা বিশ্ববিদ্যালয়-এর আমন্ত্রণে রাজা রামমােহন রায় স্মারক বক্তৃতামালা দেন ১৯৭৩-এ। ধুতি-পাঞ্জাবি একমাত্র পােশাক। বাকপটু । নিরহঙ্কার। অনাড়ম্বর জীবনযাত্রায় বিশ্বাসী।