এই সংকলনটিকে একদিকে চার মহাদেশের বিভিন্ন কাল,ভাষা ও সংস্কৃতি থেকে উঠে আসা কল্পবিজ্ঞানের প্রতিনিধিত্বমূলক কাহিনির সংগ্রহ হিসেবে দেখা যায়। একইসঙ্গে, সায়েন্স ফিকশনের বিভিন্ন কৌশলকে ব্যবহার করে লিখিয়েদের সমসময়ের বাসভূমির জীবন, যন্ত্রনা, রাজনীতি অথবা নিছকই রোমান্টিক কল্পনাবিলাসের নথি হিসেবেও পাঠক এ-গ্রন্থের পাঠ নিতে পারেন।
বইটা বহুদিন আগে পড়া হলেও তার পাঠ-প্রতিক্রিয়া অ্যাদ্দিনে দিচ্ছি বলে আগেই দুঃখপ্রকাশ করছি। আসলে বোঝেনই তো, বয়স হচ্ছে, সবদিকে খেয়াল থাকে না। যাইহোক... এই বইটির সঙ্গে এপার বাংলায় প্রকাশিত আর পাঁচটা অনূদিত গল্প-সংকলনের দুটো বড়ো পার্থক্য আছে। সেগুলো হল~ ১) বিষয়টিতে সম্পাদকের নিজস্ব জ্ঞানগম্যি প্রশ্নাতীত হওয়ায় কোনো অনুবাদকই 'রোবটের চোখে জল' বা 'ভূত বনাম ভিনগ্রহী' টাইপের ছাইপাঁশ দিয়ে পাতা ভরাট করেননি। বরং প্রত্যেকেই এমন কোনো-না-কোনো গল্প বেছে নিয়েছেন যা প্রথাগত কল্পগল্পের তুলনায় অন্যরকম— হয়তো বা আরও একটু বেশি মানবিক। ২) এই সংকলনের সবক'জন অনুবাদকই নবীন প্রজন্মের প্রতিনিধি— যা শুধু ব্যতিক্রমী নয়, দুঃসাহসিকও বটে। গল্পগুলো সিরিয়াসলি বৈচিত্র্যময়, অনুবাদও ঝরঝরে এবং মূলানুগ। কল্পবিজ্ঞানের নামে তথাকথিত মূলধারার পত্রপত্রিকায় যা চালানো হয় সেইসব হাবিজাবির বদলে অন্যরকম, একটু ছকভাঙা কল্পবিজ্ঞান পড়তে চাইলে এই সংকলনটিকে উপেক্ষা করবেন না।