এই বই যে কঙ্কাবতীদের জন্যেই, তাতে কোনও সন্দেহ নেই। ১৮ খানা নানা স্বাদের কল্পবিজ্ঞান গল্প। কয়েকটা সামাজিক প্রেক্ষাপটে লেখা, আবার কয়েকটা লাভক্রাফটিয়ান হরর, ইত্যাদি, ইত্যাদি। প্রতিটাই এসেছে লেখিকাদের কলম বেয়ে। সেই বেগম রোকেয়ার "সুলতানার স্বপ্ন" থেকে অঙ্কিতার " ঋক্থ", মেয়েদের হাতে বাংলা কল্পবিজ্ঞান বেঁচে থেকেছে, এগিয়ে গেছে নতুন নতুন দিগন্তে। বইটা সেই যাত্রারই প্রমাণ। শুধুমাত্র মেয়েদের লেখা এইরকম কল্পবিজ্ঞানের সংকলন বোধহয় এই প্রথম বেরুলো।
আচ্ছা বইয়ের মালমশলা নিয়ে কথা বলি। সংকলনের সব গল্প একই ভাবে মনে দাগ কাটে না। এখানেও সেটার ব্যতিক্রম হয় নি। সব মানুষের রুচিবোধ আর ভালো লাগা তো একরকম হয় না। কিন্তু এই বইয়ে এমন কিছু গল্প খুঁজে পেয়েছি, যেগুলো ব্লেডের মত ধারালো কিছু দিয়ে আমার মনে দাগ কেটে ফেলেছে। আর ভুলতে পারব না এই গল্পগুলোকে। তিনটের কথায় নিচে লিখলাম।
"কাঁটাচুয়া" - বাণী বসু
লোকগুলো খুন হয়ে যাচ্ছে। প্রথমে একটা দুটো কেস। তারপর বাইপাস, ময়দান থেকে পুরো কলকাতা জুড়ে। কেউ জানে না কে বা কী খুন করছে, কোন মোটিভ বা প্যাটার্ন নেই। শুধু ভিক্টিমের শরীরে অসংখ্য ছোট ছোট কিন্তু গভীর ছিদ্র। সেই ফুঁটোগুলো থেকে রক্তক্ষরণ হতে হতেই অক্কা। গল্পটা পড়ে জুঞ্জি ইতোর কথা ভাবছিলাম।
"যযাতীয় লালসায়..." - সুকন্যা দত্ত
একজন বিখ্যাত নায়িকা পুড়ে গিয়ে বীভৎস ভাবে মারা গেছেন। গল্পের প্রথমেই পাঠক জেনে গিয়েছে সেই মৃত্যুর কারণ কে হতে পারে। গল্পের আসল উদ্দেশ্য হল বের করা ঠিক কী ভাবে নায়িকা মারা গেছেন। সেই "কী"-এর র্যাবিট হোল এতই গভীর আর এতই প্যাঁচালো, যে গল্পটা শেষ করে মনে হচ্ছিল আমার জীবনে আরও বাংলা হার্ড সাইফাই দরকার।
"পালটা" - অনুরাধা কুন্ডা
পুরুষদের পৃথিবী। মেয়েদের কোনও স্থান সেখানে আর নেই। শুধু পুরুষেরাই থাকে। কৃত্রিম ডিম্বাণু বানিয়ে বংশবিস্তার করে। সেক্সবটকে ব্যবহার করে নিজেদের যৌনাকাঙ্ক্ষা মেটায়। নিখুঁত রান্না করার জন্যও রয়েছে রোবট আর অ্যান্ড্রয়েড। ইনসেকিউরিটি তে ভুগছেন? তার জন্যেও রয়েছে বাহবা দেওয়ার একটা রোবট। নিজের শত্রুর উপর রাগ জমেছে? আইনগত ভাবে খুন করতে পারবেন। আর কী চায়? এইরকম ইউটোপিয়াতে কোনওরকম ঝামেলা হওয়ার তো কথা নয়, তাই না? গল্পের শেষটুকু হাড় হিম করে দিয়েছে।
যাই হোক, সবকটা গল্পের কথা আমি আর বলব না। আমি চাই এই বইটা যেন সময়ের স্রোতে হারিয়ে না যায়। শুধু কঙ্কাবতীরাই নয়, আমার মত হনুরাও একটু পড়ুক, জানুক আর শ্রদ্ধা করতে শিখুক।