ছোট্ট মেয়ে তুপা। পালিয়েছে বাসা থেকে। কারণ বাবা-মাকে একত্র করতে চায় সে। তার বাবা প্রতিরাতে মদ খেয়ে এসে মাকে পিটায়, চিৎকার করে বাসা মাথায় তোলে। এমনকী জনপ্রিয় একটা উপন্যাস লিখতে না-পারার আক্রোশে নিজের সন্তানকে খুন পর্যন্ত করতে উদ্যত হয় আশফাক চৌধুরি, মেরে ফেলতে চায় তুপা আর ওর মাকে। যদিও শেষ পর্যন্ত কিছুই করতে পারে না লোকটা, তাই হতাশাগ্রস্থ আশফাক সিদ্ধান্ত নেয় ডিভোর্সের...ওরা কেউ একবারের জন্যেও তুপার কথা চিন্তা করে না... অন্যদিকে মায়ের নির্দেশে প্রেমিক অশ্রুর সঙ্গে ভালোবাসার সর্ম্পক ছিন্ন করছে নাজিবা, অশ্রুর তাকে কোনোভাবেই বোঝাতে পারছে না ‘নাজিবা’ ছাড়া অশ্রুর জীবন কতটা অর্থহীন, শূন্য। আপাতনিষ্ঠুর নাজিবা নিজের সিদ্ধান্তে অটল...ব্রেকআপ মানে ব্রেকআপ, এরপর আর কোনো কথা চলবে না... পুলিশ অফিসার মাঈনুল হাসান ‘তুপা উধাও রহস্যে’র তদন্ত করতে গিয়ে অবাক হয়ে লক্ষ করছে, বাসা থেকে বেরিয়ে যেন বেমালুম বাতাসে মিলিয়ে গেছে বাচ্চাটা, দুনিয়ার কোথাও ওর টিকিটির সন্ধান মিলছে না... আতঙ্কের করালগ্রাসে বন্ধী তুপা চোখ পিটপিট করে দেখছে, ক্রমেই গিরগিটির মতো হামাগুঁড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে ছায়াটা, ওটার হাতেধরা চকচকে একটা বেড। খলখল করে হেসে উঠল মানুষরূপি পিশাচটা...নাকি ‘অমানুষ’ বলবে ওটাকে সে? প্রিয় পাঠক, সুস্ময় সুমনের কলমে আরও একবার ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার, যা আপনাকে নিয়ে যাবে মানবমনের সেই গহীন রোমহর্ষক কুঠুরিতে, যেটা পড়তে গিয়ে বারবার আপনি শিউরে উঠে ভাববেন, হে মানুষ, তুমি মানুষ হবে কবে? মানুষ হবে কবে?
খুবই সংকীর্ণ একটা প্লট নিয়ে লিখা হয়েছে বইটা, যেটা একটা ভালো দিক, সঠিকভাবে গাইড করা গেলে বেশ দারুন কিছু গল্প বের করে আনা সম্ভব। কিন্তু দুঃখের বিষয়, এই বইটায় লেখক সেটা পারেননি।
৬০-৭০ পেজের একটা নভেলেটকে ফিলার দিয়ে ১১৯ পেজের নভেলা বানানো হয়েছে। এছাড়াও লেখকের পূর্বের আরও কিছু বইয়ের মতো কিছু কিছু দৃশ্য হিন্দি সিরিয়ালের মতো অতিমাত্রায় নাটকীয় ও অদ্ভুত ছিলো..💫
ভালো দিকের কথা বলতে গেলে, যেই কারণে লেখকের বইগুলো পড়ার জন্য আগ্রহে থাকি - বিভৎসতায় মোটেও কার্পণ্য করেননি। কিছু কিছু দৃশ্য এতটাই বিভীষিকাময় ও পীড়াদায়ক ছিলো যে রীতিমতো আমার গাঁ সিউরে উঠছিলো, শুধু কল্পনা করেই ওগুলো।
যাই হোক...বইটা আমার ভালো লাগেনি। প্লট অনুযাই লেখক আরো অনেকটাই ভালো করতে পারতেন। উনার লিখা "মারিবার হলো তার সাধ" এখনো আমার প্রিয় একটা সাইকোলজিক্যাল থ্রিলার...