অনুষ্টুপ_বইপড়া_২০২৩ – অনুতাপ করো সং
এ বছর মোটামুটি নিয়মিত বই পড়া হচ্ছে। বেশ কিছু ভালো নতুন লেখাও পড়া হচ্ছে সেই সুবাদে। যেগুলো সত্যিই নিজের খুব ভালো লাগে, সেগুলো নিয়ে জোর করে সময় বার করেও দু-চার কথা বলতে ইচ্ছে করে। যেমন বন্ধুদের ডেকে বলতে ইচ্ছে করে, এইটে পড়ে দ্যাখো!
জয়ঢাক থেকে প্রকাশিত এগারোটি কালজয়ী স্পেকুলেটিভ ফিকশন গল্পের এই অনুবাদ সংকলনটি সেই গোত্রের। অনুবাদ করেছেন দীপ ঘোষ। বইটি এবার মুম্বই আসার পথে শুরু করেছি এবং পড়ে ফেলেছি দিন দুইয়ের মধ্যে। গল্পগুলির কথা বলে নিই আগে।
আলজারননের জন্য কিছু ফুল – ড্যানিয়েল কেয়েস
ভবিষ্যতের পৃথিবীতে গবেষণা চলছে মানুষের বুদ্ধি কৃত্রিমভাবে বাড়ানো সম্ভব কি না, তা নিয়ে। সাফল্য আসে, আবার আসে না। এর বেশি বলব না, পড়ুন, নিজে পড়ুন।
আমার মতে এ বইয়ের সেরা গল্প। রীতিমতো ছিটকে দেওয়ার মতো একটা গল্প, কী তার নির্মাণ, কী তার চলন!
এবং কী তীব্র অনুভবী তার অন্তর্নিহিত বার্তা!
অনুতাপ করো সং – হারলান এলিসন
ভবিষ্যতের পৃথিবী সময়ের ক্রীতদাস। সেখানে আচমকা সব কাজে বেনিয়ম করে সব ওলট পালট করে দিচ্ছে এক সং। সে তো আসলে ব্যক্তি মানুষের মুক্তি চায়; কিন্তু তাকে কি চিনবে, বুঝবে মানুষ? নাকি মানুষের চিরাচরিত বেইমানি আর নির্বুদ্ধিতা থামিয়ে দেবে তার প্রচেষ্টা?
স্যাটায়ারে মোড়া এক কল্পগল্প। নিখুঁত অনুবাদে সে ব্যাঙ্গের ধার বজায় থেকেছে।
বজ্রের তিন যোদ্ধা – মূল লেখক স্তানিস্লাভ লেম
কল্পজগতের ওয়ার্ল্ড বিল্ডিং-এর এক অভিনব নমুনা এ লেখাটি। গল্প এক আশ্চর্য হিমজীবী জীব ও সূর্য থেকে বহুদূরে অবস্থিত তাদের বরফে ঢাকা গ্রহ নিয়ে যার সবকিছুই রঙিন ক্রিস্টালে গড়া। যা হয়, সৃষ্টির পর যদিও তারা সুখে বাস করছিল, কিন্তু ক্রমে সেই অমূল্য সব রঙীন রত্নরাজির কথা ছড়িয়ে পড়ল নক্ষত্রমণ্ডলে। একের পর এক আক্রমণ এল বিভিন্ন রূপে, কিন্তু পর পর তিনবারই এব গ্রহের আর তার বাসিন্দাদের অনন্যতার কাছে হার মানল বজ্রের তিন যোদ্ধাই।
বিচ্ছিন্ন গল্প হিসাবে এটিকে একটু অসম্পূর্ণ, একটু উদ্দেশ্যবিহীন লেগেছে আমার। যদিও আপাতভাবে একবার পড়তে খারাপ লাগেনি।
একটি উব-এর মৃত্যু – মূল লেখক ফিলিপ কে ডিক
এক ভিনগ্রহী জীব, এক স্পেসশিপ, এক নিষ্ঠুর ক্যাপটেন। কিন্তু শেষটা…
গল্পটি আগে আমার পড়া না থাকলে, শিউরে উঠতাম। সাংঘাতিক গল্প। অনুবাদ এতটাই ভালো হয়েছে যে পড়া থাকা সত্ত্বেও গোগ্রাসে আবার পড়েছি।
ঝুলন্ত সেই লোকটা – ফিলিপ কে ডিক
এটিকে আমার কল্পবিজ্ঞানের মোড়কে আরেকটি মোক্ষম পলিটিক্যাল স্যাটায়ার মনে হয়েছে। ভিনগ্রহীদের এক এক করে বেঁচে থাকা মানুষদের ফাঁসি দেওয়ার মধ্যে কেমন যেন বিরোধী দলের মুখ বন্ধ করে নিরঙ্কুশ আধিপত্য স্থাপনের গল্প – কিন্তু না থাক, নিজেরাই পড়ে ভেবে দেখুন কী মনে হয়।
আপদ – ভ্যালেন্টিনা ঝুরাভলিওভা
একটা সহজ সরল মিষ্টি কল্পবিজ্ঞানের গল্প। হালকা চালে বলা গল্প, তেমনই হালকা ঝরঝরে ঢঙে অনুবাদ করা।
পুনর্জন্ম – র্যামসে ক্যাম্পবেল
মুল চরিত্র এক ভয়ানক পরিস্থিতিতে জেগে উঠল – এই হল গল্পের শুরু। তার জ্ঞান ফিরে আসতে আসতে কত সম্ভাবনাই সে ভেবে ফেলল, এরকম অন্ধকারে প্রায় বন্দি হয়ে পড়ে থাকার কারণ হিসাবে। কিন্তু আসল কারণ ছিল তার কল্পনার বাইরে… এমনকী পাঠকেরও কল্পনার বাইরে।
ছোটো, ধারালো, অদ্ভুত অন্তিম চমকে সমৃদ্ধ একটা গল্প।
আয় বৃষ্টি ঝেঁপে – আইজাক আসিমভ
জর্জ আর লিলিয়ানদের নতুন এক পড়শী পরিবার এল, যারা খুব সন্দেহজবকভাবে সবাইকে এড়িয়ে চলে। কিন্তু লিলিয়ান তো ছাড়ার পাত্রী নয়, সে ঠিক পটিয়েপাটিয়ে তাদের সঙ্গে পিকনিক করতে যাওয়ার প্ল্যান বানিয়ে ফেলল সপরিবারে। কিন্তু সে রোদ ঝলমলে দিনের শেষে আচমকা ্মেঘ ঘনিয়ে বৃষ্টি এল, আর অবিশ্বাস্য এক সমাপ্তি ঘটল গল্পের।
আগে পড়া গল্প, কিন্তু দীপ অনুবাদ করেছেন খাসা! (খালি গল্পের নামটা আমার পছন্দ হয়নি, ‘আকাশ ঘিরে মেঘ করেছে’ বা ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ এরকম কিছু হলে যেন ঠিক হত।)
ফিরে দেখা – আইজাক আসিমভ
এক নব্য লেখক এক গল্পের আইডিয়া নিয়ে এসেছে এক প্রতিষ্ঠিত লেখক ও তার বন্ধুদের কাছে, কারণ সে গল্পের একটা অংশ ঠিক করে ভেবে উঠতে পারছে না। হালকা চালে কথোপকথন থেকে ফিজিক্স, জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি নিয়ে আলোচনা করতে করতে অবশেষে চমকপ্রদ এক সমাধানসূত্র বেরোয়। খুব ভালো লেগেছে।
নিশীথসঙ্গীত – ফ্রেডরিক ব্রাউন
একটি অসাধারণ ফ্যান্টাসি গল্প। এক পেশাদার বাঁশিবাদক এমন এক সুর শুনতে পায় যা তার কল্পনার বিশুদ্ধতম, সুন্দরতম সুর। সে সুরের উৎস খুঁজে খুঁজে পায় এক বাঁশি, আর বাঁশিবাদককে। বহু অনুনয় বিনয়েও সে বাঁশি ছোঁবার অধিকার পায় না সে, যদিও তাকে আলাদা করে সে বাঁশিতে নতুন নতুন সুর বাজিয়ে শোনায় সেই বৃদ্ধ বাদক।
সে বাঁশি হস্তগত করার লোভ সামলাতে পারে না আমাদের নায়ক। কিন্তু তারপর…?
অপূর্ব গল্প। রহস্যের গা ছমছমে ভাব, আর কল্পনার ডানায় অবাধ ওড়ার এক অনবদ্য মিশেল।
উজানে বয় বৈতরণী – ড্যান সিমন্স
একটি আক্ষরিক অর্থে হাড় হিম করে দেওয়ার মতো গল্প – কারণ এতে বিন্দুমাত্র ভয়াবহ ঘটনা কিছু নেই। কিন্তু খুব সহজ ভাবে, সহজ ভাষায় ভবিষ্যতের পৃথিবীতে যা হচ্ছে, যা ঘটছে বলা হচ্ছে, তা বুঝতে পারার পর কেঁপে উঠতে হয় সেই অমানবিক সময়ের কথা কল্পনা করে। শেষ করেও গল্পের রেশ থেকে যায়।
প্রতিটি গল্পের অনুবাদ খুব সাবলীলভাবে করেছেন দীপ, ফলে গল্পগুলো স্বচ্ছন্দ গতিতে এগিয়েছে। ভবিষ্যতে তাঁর কলমে আরও এরকম বইয়ের অপেক্ষায় থাকব।
বইটির প্রচ্ছদ রুচিশীল, বাঁধাই ও ছাপা খুব সুন্দর, মুদ্রণপ্রমাদ চোখে পড়েনি। সুমিত বর্ধনের সুলিখিত ভূমিকা এই বইয়ের সারমর্ম তুলে ধরেছে, ‘যদি এমন হত’।
স্পেকুলেটিভ ফিকশন পড়তে যাঁদের আপত্তি নেই, তাঁরা অবশ্যই এই বইটি পড়ে দেখবেন।
---
বই – অনুতাপ করো সং
অনুবাদক - দীপ ঘোষ
প্রকাশক – জয়ঢাক
মুদ্রিত মূল্য – ২৭৫/-