সুকুমার সেনের প্রবন্ধ সংকলনের এই খণ্ডে থাকছে রবীন্দ্রনাথ ও আধুনিক বাংলা সাহিত্যের উপর একগুচ্ছ প্রবন্ধ। প্রথম খণ্ডে সংস্কৃত সাহিত্য, মধ্যযুগের বাংলা সাহিত্য, লোকসাহিত্য, সংস্কৃতি এবং ভাষাতত্ত্ব নিয়ে বিবিধ প্রবন্ধ সংকলিত হয়েছিল। রবীন্দ্রনাথ ছিলেন লেখকের জীবনদেবতা। যাঁকে লেখক আবিষ্কার করতে চেষ্টা করেছেন নানা দিক থেকে। রবীন্দ্রনাথের কবিতা, গান, গল্প নিয়ে আলোচনার পাশাপাশি মানুষ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের শৈশব থেকে বেড়ে ওঠা, রবীন্দ্র-রচনার ভূগোল, রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত রচনা, রবীন্দ্রনাথের সঙ্গে সমসাময়িক বিদগ্ধ ব্যক্তিগণের পারস্পরিক সম্পর্ক প্রভৃতি বিবিধ বিষয়ের অনেকগুলি প্রবন্ধ এই খণ্ডে সংযোজিত হয়েছে। রবীন্দ্রনাথ ছাড়াও বাংলা সাহিত্যের আধুনিক যুগের অন্যান্য লেখকদের নিয়ে বিভিন্ন সময়ে লেখা নানা প্রবন্ধও থাকল এই খণ্ডে। দেবেন্দ্রনাথ, মধুসূদন, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাজেন্দ্রলাল, বিদ্যাসাগর থেকে শুরু করে হেমেন্দ্রকুমার রায়, সুকুমার রায় এমনকী তুলনায় অজ্ঞাত শিশিরকুমার ঘোষ প্রভৃতিদের সাহিত্যকীর্তির পাশাপাশি আলোচিত হয়েছে বঙ্কিমের দর্শনচিন্তা, শ্রীঅরবিন্দের রচনা, স্বামী বিবেকানন্দের মনীষা। এর সঙ্গে যুক্ত হয়েছে শহীদুল্লাহ্ ও সুনীতিকুমারের ভাষা নিয়ে মনোজ্ঞ আলোচনা। বিবিধ বিষয়ে লেখা এই প্রবন্ধগুলি থেকে ভবিষ্যতের গবেষকরা চিন্তার খোরাক পাবেন নিশ্চিত।
সুকুমার সেন (১৬ জানুয়ারি ১৯০১ - ৩ মার্চ ১৯৯২) ছিলেন একজন ভাষাতাত্ত্বিক ও সাহিত্য বিশারদ। বৈদিক ও ধ্রুপদি সংস্কৃত, পালি, প্রাকৃত, বাংলা, আবেস্তা ও প্রাচীন পারসিক ভাষায় তাঁর বিশেষ বুৎপত্তি ছিল। তুলনামূলক ভাষাতত্ত্ব ও পুরাণতত্ত্ব আলোচনাতেও তিনি তাঁর বৈদগ্ধের পরিচয় রেখেছিলেন।
ভাষার ইতিবৃত্ত (বাংলা ভাষাতত্ত্বের একটি পূর্ণাঙ্গ আলোচনা) Women's Dialect in Bengali (বাংলা মেয়েলি ভাষা নিয়ে গবেষণামূলক রচনা) বাংলা স্থাননাম (বাংলা স্থাননাম নিয়ে ভাষাতাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণ) রামকথার প্রাক-ইতিহাস (রামায়ণ-সংক্রান্ত তুলনামূলক পুরাণতাত্ত্বিক আলোচনা) ভারত-কথার গ্রন্থিমোচন (মহাভারত-সংক্রান্ত তুলনামূলক পুরাণতাত্ত্বিক আলোচনা) ব্রজবুলি সাহিত্যের ইতিহাস বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (৫ট খণ্ডে, সুকুমার সেনের সবচেয়ে বিখ্যাত বই, বাংলা সাহিত্যের একটি পূর্ণাঙ্গ ও সামগ্রিক ইতিহাস) বাঙ্গালা সাহিত্যের কথা বাঙ্গালা সাহিত্যে গদ্য বঙ্গভূমিকা (বাংলার আদি-ইতিহাস সংক্রান্ত গ্রন্থ) বাংলা ইসলামি সাহিত্য দিনের পরে দিন যে গেল ( আত্মজীবনীমূলক রচনা )
সুকুমার সেনের প্রবন্ধ-সংকলনের এই দ্বিতীয় খণ্ডে আছে মোট ৮৪টি প্রবন্ধ। তাদের বিন্যাস নিম্নবৎ~ (ক) রবীন্দ্র-প্রসঙ্গ: এই ৩৯টি প্রবন্ধকে লেখকের 'বাংলা সাহিত্যের ইতিহাস'-এর রবীন্দ্রনাথ-বিষয়ক খণ্ডটির সম্পূরক বলা চলে। এদের মধ্যে অধিকাংশ লেখাই নিতান্ত সংক্ষিপ্ত এবং বিভিন্ন পত্রিকার চাপে লেখা। কিন্তু তিনটি লেখার কথা আলাদাভাবে উল্লেখ করতেই হচ্ছে, যারা সীমিত পরিসরেও প্রায় গবেষণাপত্রের আকার নিয়েছে। তারা হল— ১. রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত গদ্য রচনা; ২. পরিজন-পরিবেশে রবীন্দ্র-বিকাশ; ৩. রবির কলঙ্কভাগ্য; ৪. রবীন্দ্রনাথের গল্পশিল্প। (খ) বাংলা সাহিত্য (আধুনিক যুগ): এই ৪৫টি প্রবন্ধ পত্র-পত্রিকার চাহিদা অনুযায়ী বা অনুষ্ঠানে পরিবেশনের জন্য বক্তব্য-রূপে লিখিত হওয়ার ফলে বড়োই সংক্ষিপ্ত আকার ধারণ করতে বাধ্য হয়েছে। তবে তারই মধ্যে রয়েছে অজস্র কৌতূহলোদ্দীপক বক্তব্য ও বিশ্লেষণ। সব মিলিয়ে বাংলা সাহিত্যের অনুরাগীদের কাছে এ এক অবশ্যপাঠ্য বই।