নারী ও পুরুষের কথা বলার ধরন নাকি আলাদা। বাংলা কি পারে সংস্কৃত ব্যাকরণের গণ্ডি অতিক্রম করতে? বাঙালির যে সাংস্কৃতিক ঐতিহ্য তা কি তার একান্ত নিজস্ব, না তা অখণ্ড ভারতীয় ঐতিহ্যেরই অংশবিশেষ? আবার গোবিন্দদাস কবিরাজ কি বাঙালি না কি মৈথিলি? এই ধরনের বিচিত্র বিষয় নিয়ে আজীবন অনুসন্ধান করেছেন সুকুমার সেন। মানবীবিদ্যার বিচিত্র শাখায় ছিল তাঁর বিচরণ। কখনও বৈদিক সাহিত্য থেকে আধুনিক বাংলা সাহিত্য, কখনও শব্দবিদ্যা থেকে প্রাচীন ইতিহাস-পুরাণ-মিথ, আবার হয়তো কখনও গোয়েন্দা সাহিত্য থেকে দেশে বিদেশের ভূতের গল্প। এইরকম বিচিত্র বিষয় নিয়ে আমরা পেয়েছি লেখকের বহু গ্রন্থ। কিন্তু তার বাইরেও বহু রচনা ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আছে বহু পত্র-পত্রিকায় যার মধ্যে দিয়ে জ্ঞানপিপাসু মানুষটিকে আবার চিনতে পারা যায়। ভাষা, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি বিষয়ে পঁচাত্তরটি প্রবন্ধের এই মূল্যবান সংকলন সুকুমার সেনের গভীর বৈদগ্ধ্যের পরিচায়ক। দীর্ঘ ষাট বছর ধরে লেখা প্রবন্ধগুলি এক অনন্য সৃজনশীলতার ফসল।
সুকুমার সেন (১৬ জানুয়ারি ১৯০১ - ৩ মার্চ ১৯৯২) ছিলেন একজন ভাষাতাত্ত্বিক ও সাহিত্য বিশারদ। বৈদিক ও ধ্রুপদি সংস্কৃত, পালি, প্রাকৃত, বাংলা, আবেস্তা ও প্রাচীন পারসিক ভাষায় তাঁর বিশেষ বুৎপত্তি ছিল। তুলনামূলক ভাষাতত্ত্ব ও পুরাণতত্ত্ব আলোচনাতেও তিনি তাঁর বৈদগ্ধের পরিচয় রেখেছিলেন।
ভাষার ইতিবৃত্ত (বাংলা ভাষাতত্ত্বের একটি পূর্ণাঙ্গ আলোচনা) Women's Dialect in Bengali (বাংলা মেয়েলি ভাষা নিয়ে গবেষণামূলক রচনা) বাংলা স্থাননাম (বাংলা স্থাননাম নিয়ে ভাষাতাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণ) রামকথার প্রাক-ইতিহাস (রামায়ণ-সংক্রান্ত তুলনামূলক পুরাণতাত্ত্বিক আলোচনা) ভারত-কথার গ্রন্থিমোচন (মহাভারত-সংক্রান্ত তুলনামূলক পুরাণতাত্ত্বিক আলোচনা) ব্রজবুলি সাহিত্যের ইতিহাস বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (৫ট খণ্ডে, সুকুমার সেনের সবচেয়ে বিখ্যাত বই, বাংলা সাহিত্যের একটি পূর্ণাঙ্গ ও সামগ্রিক ইতিহাস) বাঙ্গালা সাহিত্যের কথা বাঙ্গালা সাহিত্যে গদ্য বঙ্গভূমিকা (বাংলার আদি-ইতিহাস সংক্রান্ত গ্রন্থ) বাংলা ইসলামি সাহিত্য দিনের পরে দিন যে গেল ( আত্মজীবনীমূলক রচনা )
গত শতাব্দীর প্রায় সাতটি দশক ধরে রচিত পঁচাত্তরটি ছোটো ও বড়ো প্রবন্ধ আছে এই বইয়ে। নিম্নলিখিত কয়েকটি পর্বে বা অংশে এগুলি বিন্যস্ত হয়েছে~ ১. শব্দবিদ্যা ও ভাষাতত্ত্ব: কালের নিরিখে সবচেয়ে পুরোনো কিছু লেখা সমেত মোট ২২টি প্রবন্ধ আছে এই অংশে; ২. সংস্কৃত সাহিত্য: লেখকের কালজয়ী রচনা 'ভারতীয় আর্য সাহিত্যের ইতিহাস'-এরই উত্তরসূরি বলা চলে এই ৬টি প্রবন্ধকে; ৩. বাংলা সাহিত্য (প্রাগাধুনিক যুগ): মোট ২৭টি প্রবন্ধ-সম্বলিত এই অংশটি লেখকের বহুখণ্ড বাংলা সাহিত্যের ইতিহাস-এর সহযোগী তথা পরিপূরক বলা যেতে পারে। সত্যি বলতে কি, এই প্রবন্ধগুলোর এক-একটিই আহরণ ও বিশ্লেষণের নিরিখে প্রায় গবেষণাপত্র হওয়ার ক্ষমতা রাখে। ৪. সংস্কৃতি: এই পর্যায়ের ১২টি প্রবন্ধ বাঙালির ইতিহাস গঠনের বেশ কিছু উপাদানের বিশ্লেষণে নিবেদিত। ৫. লোকসাহিত্য: ৮টি প্রবন্ধ-সম্বলিত এই অংশটি পুরাকথা ও লৌকিক আখ্যানের গবেষকদের জন্য, ক্ষুদ্র পরিসরেও, প্রায় স্বর্ণখনি হয়ে উঠেছে। সামগ্রিকভাবে, এই দুর্লভ ও অনেক ক্ষেত্রে বিস্মৃত প্রবন্ধগুলোকে নতুন করে, দৃষ্টিনন্দন লে-আউটে সংকলিত করে প্রকাশক আমাদের সবার কৃতজ্ঞতাভাজন হলেন। বাংলা ও বাঙালির সাংস্কৃতিক ইতিহাসে আগ্রহী যেকোনো পাঠকের কাছে এই বই অপরিহার্য।