জিজ্ঞাসা

কৃত্রিম বুদ্ধিমত্তার উপজাত হিসেবে সৃষ্ট মিথ্যুক ফটোকার্ডের বাম্পার ফলন, কিংবা রাজনৈতিক পালাবদলের পর দুই বিপরীত ঘরানার অ্যাক্টিভিস্টদের নোংরামো—কারণ যেটাই হোক, ফেসবুক ব্যবহারের আগ্রহ হারিয়ে ফেলেছি অনেকটাই। তথ্যের অতিভোজনের কারণে হয়তো একটা বয়েসে গিয়ে এমনিতেই থামতাম, সেই সিদ্ধান্তটা এখন গ্রহণ করেছি সচেতনেই। নিয়মিত ফেসবুকে থাকার ইচ্ছে নেই আর।

অনলাইনের বারান্দায় দাঁড়ালে দৃষ্টিসীমায় চলে আসে বহুকিছু। কেউ কেউ, এখনও নিশ্চয়ই, নীচতা আর মাইকবাজির বাইরে গিয়ে সৌন্দর্য্য আর নীরবতা খুঁজতে চায়। গুডরিডসকে আমার সেই ঘরানার কোনো সাগরতীরের রিসোর্ট মনে হয়। অক্ষরকে যারা ভালোবাসে, ছুটিনিবাস হিসেবে এই জায়গা তাদের কাছে অতিপ্রিয়—সন্দেহ নেই।

তবে পেশাদার লিখিয়ে হিসেবে গুডরিডসের একটা খামতিও টের পাই। আগ্রহী পাঠককে যা কিছু জানাতে চাই, লেখা নিয়ে পড়া নিয়ে কিংবা টুকরো কোনো ভাবনা নিয়ে, গুডরিডসে তেমনটা করে ওঠা কঠিন। সাবস্ট্যাক যারা ব্যবহার করেন, তাদের কাছে যেমন ইমেইলে বার্তা দেওয়া যায়, এখানে সেই সুবিধাও অনুপস্থিত। সেই খামতির জন্যেই এখনও ফেসবুক ব্যবহার করতে হচ্ছে-- একমুখী প্রচারযন্ত্র হিসেবে, পেইজ খুলে।

গুডরিডসে এই নোট লেখা তাই মূলতঃ এখানে চোখ রাখা পাঠকদের মতামত জানতেই। নানা ধরনের লেখা কি বইপত্রের খবর প্রচারের জন্য গুডরিডস নোট, সাবস্ট্যাকের মেইল আর ফেসবুক পেইজের বাইরের কায়দা কী হতে পারে, সেটা কেউ জানালে খুশি হবো। উল্লেখিত মাধ্যমগুলোর সম্পর্কেও তারা কী ভাবেন, কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে—সে বিষয়ক আলোচনাকেও স্বাগত।
7 likes ·   •  2 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2026 00:56
Comments Showing 1-2 of 2 (2 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Arupratan (last edited Sep 12, 2026 02:35AM) (new)

Arupratan ফেসবুককে কি কোনোভাবেই "সামাজিক" যোগাযোগমাধ্যম বলা যায়? এত ঘৃণা এত মিথ্যাচার এত narcissism-এর অবাধ চাষ হয় যেখানে, সেই স্থান পরিত্যাগ করাই বোধহয় শরীর এবং মানসিক স্বাস্থ্যের জন্য হিতকর। তাই আপনাকে অভিনন্দন জানাই।

আজকের দিনে দাঁড়িয়ে নিজস্ব চিন্তাভাবনার কথা সামান্য বিশদে জানাবার জন্য সাবস্ট্যাকই সম্ভবত সবচেয়ে উপযুক্ত পরিসর। ফেসবুক কিংবা অন্য কোনো জনপ্রিয় মাধ্যমে কেউ কিছু বিশদে কিংবা গভীরে পড়ার মতো মানসিক স্থিতাবস্থায় থাকে বলে আমার মনে হয় না। সারা বিশ্বেই এমন অনেক বিখ্যাত চিন্তাবিদ আছেন যাঁরা এই মুহূর্তে শুধুমাত্র সাবস্ট্যাকেই তাঁদের লেখাপত্তর লিখছেন। উদাহরণ - সাহিত্যিক জয়েস ক্যারল ওটস কিংবা অর্থনীতিবিদ পল ক্রুগম্যান।

গুডরিডসকে এখনও মূলত গ্রন্থ সমালোচনার জায়গা বলে মনে করি আমি। সামাজিক যোগাযোগের সামান্য যে-উপায়টুকু আগে এখানে ছিল, এখন তো সেই ডাইরেক্ট মেসেজিংয়ের অপশনটিও বন্ধ হয়ে গেছে। নোটস হিসেবে নিজের সৃষ্টি কিংবা বইপত্রের ব্যাপারে নিতান্ত ব্যক্তিগত কিছু লিখলে গুডরিডসের বন্ধুরা সেদিকে খুব বেশি নজর দ্যান না - এমনটা দেখেছি। যদিও সবমিলিয়ে গুডরিডসের এই নো-ননসেন্স চরিত্রটি আমার ভালো লাগে। অন্তর্জালে অন্তত একটি নিভৃত জায়গা তো থাকুক যেখানে মানুষ শুধুই বইয়ের ব্যাপারেই কথা বলতে চায়। নিজের ভ্যাকেশনের ব্যাপারে নয়, পোষ্যের ব্যাপারে নয়, অমুক ব্যক্তির গায়ে কালি ছিটানোর ব্যাপারে নয়, তমুক ধর্মের উদ্দেশ্যে গালি দিতে নয়, নতুন কোনো ট্রেন্ডে গা ভাসানোর ব্যাপারে নয়। এবং খুবই আশ্চর্যের কথা, কেউ এখানে কোনো জিনিস বেচতে চায় না! এমনকি লেখকরাও নয়! (কিছু লেখকের নিজের বইতেই পাঁচতারা রেটিং দাগানোর ঘটনাগুলোকে ব্যতিক্রম হিসেবে ধরে নিচ্ছি!)

আর হ্যাঁ, এখানে ডুমস্ক্রোল করাও সম্ভব নয়! 😅


message 2: by Shuhan (new)

Shuhan Rizwan Arupratan wrote: "ফেসবুককে কি কোনোভাবেই "সামাজিক" যোগাযোগমাধ্যম বলা যায়? এত ঘৃণা এত মিথ্যাচার এত narcissism-এর অবাধ চাষ হয় যেখানে, সেই স্থান পরিত্যাগ করাই বোধহয় শরীর এবং মানসিক স্বাস্থ্যের জন্য হিতকর। ..."

ব্যক্তিগত ভাবে আপনার সাথে একমত। তবে একটা ব্যাপার কী, যা থেকে অর্থসমাগম ঘটে-- সেই প্রযুক্তিটা টিকে যায়। বর্তমানে অনেক কেনাকাটা আর ব্যবসা একেবারেই ফেসবুক-নির্ভর। ফলে সহসা এই মাধ্যম থেকে চারপাশের মানুষের মুক্তি ঘটছে না সম্ভবত। আর যেহেতু সেখানেই পরিচিতেরা সক্রিয়, ফলে না চাইলেও বিভিন্ন ব্যাপার জানতে সেখানে টুকটাক ফিরতে হবেই। যতটা এড়িয়ে চলা যায় আরকি।

Arupratan wrote: " সবমিলিয়ে গুডরিডসের এই নো-ননসেন্স চরিত্রটি আমার ভালো লাগে। অন্তর্জালে অন্তত একটি নিভৃত জায়গা তো থাকুক যেখানে মানুষ শুধুই বইয়ের ব্যাপারেই কথা বলতে চায়। ..."

আমারও গুডরিডস পছন্দ। পাঠক হিসেবে একটা ঝামেলা বোধ করি যে এখানে হোমপেজ ঠিক 'সাজানো' যায় না (অথবা গেলেও, আমি জানি না)। আবার, বইয়ের মাঝপথে বিভিন্ন যে-সব টুকরো চিন্তা জাগে, সেগুলোও গুডিতে শেয়ার করার উপায় নাই। অথচ কিছু সহপড়ুয়ার ক্ষেত্রে সেই ভাবনাগুলোও হিরণ্ময়।

... মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।


back to top